সড়কে প্রাণ গেল ৩ জনের

আপডেট : ১১ এপ্রিল ২০২১, ০১:৩৯ এএম

মৌলভীবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। এর মধ্যে গতকাল শনিবার সকালে জুড়ীতে ট্রাকচাপায় একজন ও গত শুক্রবার রাতে কমলগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অন্য আরেকজন প্রাণ হারিয়েছেন। নিহতরা হলেন, রাজনগর উপজেলার ইটা চা বাগান এলাকার শওকত আজিজ (৩৫) ও কমলগঞ্জের দলই চা-বাগান এলাকার অমর শর্মা (২৮)। এ ছাড়া গতকাল সকালে গাজীপুরের কালিয়াকৈরে যাত্রীবাহী বাসের চাপায় মনির হোসেন (২৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন।

জুড়ীর ঘটনায় স্থানীয়রা জানায়, দ্রুতগামী ট্রাকচাপায় রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে আবারও ট্রাকের নিচে চাপা পড়েন মোটরসাইকেল আরোহী শওকত। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, নিহতের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। কমলগঞ্জ থানা পুলিশ জানায়, শুক্রবার রাত ১১টার দিকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন অমর শর্মা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। 

এদিকে গাজীপুরের ঘটনায় স্থানীয়রা জানায়, নিহত মনির নীলফামারীর জলঢাকা উপজেলার ভাবনী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। গতকাল সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় কাঁচামাল ভর্তি ট্রাকটি রেখে সকালের নাস্তা করতে পাশের একটি হোটেলে যান মনির। পরে খাবার শেষে দ্রুত মহাসড়ক পার হওয়ার সময় পলাশ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সালনা কোনাবাড়ি হাইওয়ে থানার ওসি মীর গোলাম ফারুক জানান, বাসটি জব্দ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত