লালমনিরহাটে আওয়ামী লীগ ছাত্রলীগ সংঘর্ষ

আপডেট : ১১ এপ্রিল ২০২১, ০১:৫৪ এএম

লালমনিরহাটে জেলা ছাত্রলীগের সভাপতির নামে থানায় মামলার ঘটনায় আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দুপুরে শহরের গোসলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। শহরজুড়ে বর্তমানে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে জেলা ছাত্রলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাবেদ হোসেন বক্করের বিরুদ্ধে দায়ের করা মামলা আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করা না হলে আগামীকাল সোমবার লালমনিরহাটে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় জেলা ছাত্রলীগের একাংশ। গত শুক্রবার রাতে জেলা ছাত্রলীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করেন লালমনিরহাট পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম পাপ্পু।

জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমানের বোনের বাড়িতে ৫০-৬০ জনের একটি কিশোর গ্যাং হামলা চালায়। এতে মতিয়ার রহমানের বোন ফাতেমা বেগম আহত হন। জেলা ছাত্রলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাবেদ হোসেন বক্কর ওই হামলায় নেতৃত্ব দেন বলে অভিযোগ ওঠে। ওই ঘটনায় সেদিন রাতেই বক্করসহ ২০ জনের নাম উল্লেখ করে সদর থানায় একটি মামলা করে ভুক্তভোগীর পরিবার। এর প্রতিবাদে শুক্রবার রাতে জেলা ছাত্রলীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বক্কর সমর্থকরা। সেখান থেকে ২৪ ঘণ্টার মধ্যে মামলা তুলে নিতে আলটিমেটাম দেওয়া হয়। মামলাটি প্রত্যাহার করা না হলে সোমবার গোটা জেলায় হরতাল পালনের ঘোষণা দেয় ছাত্রলীগের একটি অংশ। এর আগে সন্ধ্যায় শহরে বিক্ষোভ মিছিল ও মামলা প্রত্যাহারের দাবিতে থানায় অবস্থান নেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

লালমনিরহাট সদর থানার ওসি শাহ আলম দেশ রূপান্তরকে বলেন, ‘বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত