মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পৌর মেয়রের বাড়িতে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ তার স্ত্রী কানন বেগম (৪০) মারা গেছেন। গতকাল শনিবার দুপুর ১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি মারা যান। বিস্ফোরণে কানন বেগমের শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, পৌর মেয়রের বাসভবনে বিস্ফোরণের ঘটনায় কোনো মামলা বা অভিযোগ দায়ের করা হয়নি। মেয়রের স্ত্রীর মৃত্যুর পর ময়নাতদন্তসহ আনুষঙ্গিক কর্মকান্ড চালাবে রাজধানীর শাহবাগ থানা পুলিশ। তবে বিস্ফোরণের ঘটনার তদন্ত করবে মুন্সীগঞ্জ থানা পুলিশ।
গত ৬ এপ্রিল রাত ৯টার দিকে সদরের মিরকাদিম পৌরসভার রামগোপালপুর এলাকায় পৌর মেয়র হাজী আবদুস সালামের বাসভবনের তৃতীয় তলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় মেয়রপত্নী ও ৪ পৌর কাউন্সিলরসহ ১৩ জন দগ্ধ হন। বিস্ফোরণে অক্ষত থাকেন মিরকাদিমের মেয়র। তিনি এ ঘটনাকে নাশকতামূলক দাবি করে আসছিলেন। তবে ঘটনার পরদিন বোমা ডিসপোজাল ইউনিট, সিআইডি, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে সেখানে বিস্ফোরকের কোনো আলামত পাননি। গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছিলেন জেলা প্রশাসক।
