অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা : আইনমন্ত্রী

আপডেট : ১১ এপ্রিল ২০২১, ০২:০৫ এএম

কেউ অরাজকতা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, ‘দেশে কেউ অরাজকতা সৃষ্টি করলে কিংবা জনগণের সম্পদ বা জানমালের ক্ষতি করার চেষ্টা করলে সরকার তার বিরুদ্ধে অত্যন্ত কঠোর ব্যবস্থা নেবে।’ গতকাল শনিবার রাজধানীর আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয় ডোজের টিকা নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন  আইনমন্ত্রী। তিনি বলেন, ‘জনগণ তাদের সেবা করার দায়িত্ব পালনের জন্য জননেত্রী শেখ হাসিনার সরকারকে ভোট দিয়েছেন। সেখানে কেউ ব্যাঘাত ঘটানোর চেষ্টা করলে সরকার অবশ্যই আইনানুগভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’ রাষ্ট্রের বিরুদ্ধে জিহাদ ঘোষণা ও সাম্প্রদায়িক কর্মকা- প্রতিরোধ করার জন্য বাংলাদেশে কার্যকর আইন আছে বলেও সতর্ক করেন আইনমন্ত্রী।

কভিড-১৯ টিকা নেওয়া প্রসঙ্গে তিনি জানান, দ্বিতীয় ডোজের টিকা নিলে এই রোগের তীব্রতা কমে যাবে। সে জন্য সবাইকে দ্বিতীয় ডোজের টিকা নেওয়ার অনুরোধ জানান তিনি। একই সঙ্গে সবাইকে এই টিকা দেওয়ার সক্ষমতা সরকারের রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত