সময়ের অন্যতম সেরা তো বটেই, অনেকেই বিরাট কোহলিকে এই মুহূর্তে সবচেয়ে সেরা ব্যাটার বলতেও দ্বিধা করেন না। সেই কোহলিরই কিনা নিজের টেকনিকে উন্নতি করতে বাবর আজমকে অনুসরণ করা উচিত! এমনই মন্তব্য পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদের।
কোহলির বেশ পরে আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব বাবরের। তবে পাকিস্তান অধিনায়ক শুরু থেকেই নিজের প্রতিভা মেলে ধরতে সক্ষম হন। দারুণ ধারাবাহিকতার জন্য কোহলি, স্টিভেন স্মিথ, কেন উইলিয়ামনের সঙ্গে এখন তার নামটাও এসে যায়। পাকিস্তানি ভক্তরা তো বটেই, পাকিস্তানের অনেক সাবেক ক্রিকেটাররাই কোহলি-বাবরের তুলনাও টানেন।
আকিব জাভেদও সেই তুলনাই টেনেছেন। আর তার চোখে বাবরকে টেকনিকে অনেক এগিয়ে মনে হয়েছে। ক্রিকেট পাকিস্তানকে আকিব বলেন, ‘বাবর আজমের তুলনায় বিরাট কোহলির হাতে আরো বেশি শট আছে। তবে তার একটা দুর্বল দিকও আছে। অফ স্টাম্পের আশেপাশে বল যদি সুইং করে, যেমন ইংল্যান্ডের (জেমস) অ্যান্ডারসনের বলে সে ফাঁদে পড়ে যায়।’
আর এ ক্ষেত্রে বাবরকে নিয়ে আকিবের কথা, ‘আপনি যখন বাবরের দিকে তাকাবেন, তার কোনো দুর্বল দিক দেখতে পাবেন না। ঠিক যেমন, (শচিন) টেন্ডুলকারেরও কোনো দুর্বল দিক ছিল না। বাবর টেকনিক্যালি অনেক বেশি সুরক্ষিত।’
তাই কোহলির টেকনিক উন্নতিতে বাবরকে অনুসরণ করা উচিত বলে মনে করেন আকিব, ‘বাবর যদি কোহলির ফিটনেস রুটিন অনুসরণ করে, তাহলে সে আরো ভালো খেলোয়াড় হয়ে উঠতে পারবে। আর বাবরের টেকনিক দেখে কোহলি নিজের উন্নতি করতে পারে যেন সে ফাঁদে না পড়ে।’
