দেশে সরকার সময়মতো ‘লকডাউন’ ঘোষণা না করায় করোনা পরিস্থিতির অবনতি ঘটেছে বলে দাবি করেছে বিএনপি। তারা বলছে, সরকার স্বাস্থ্যসেবায় চরম দুর্নীতি এবং কভিড-১৯-এর চিকিৎসা নিয়ে ভয়াবহ দুর্নীতি করায় আজকে করোনায় চিকিৎসা ও প্রতিরোধব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। গতকাল রবিবার দলটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা ও ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লকডাউন ঘোষণা করার পরও গণপরিবহন চালু, শপিং মল, দোকানপাট খুলে দেওয়া এবং গার্মেন্টস চালু রাখা প্রমাণ করেছে যে সরকারের সিদ্ধান্তহীনতা ও সমন্বয়ের অভাবে জনগণের জীবন ও জীবিকা বিপন্ন হয়ে পড়েছে। অবিলম্বে চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে হাসপাতাল তৈরি করা, যথেষ্ট পরিমাণে বেড, অক্সিজেন সরবরাহ, আইসিইউ ও ভেন্টিলেটরের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।
গত শনিবার বিকেলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হয়। বৈঠকে আলোচনার বিষয়বস্তু জানাতে পাঠানো এ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দিন আনে দিন খায় মানুষ, মাঝারি, ছোট কলকারখানার শ্রমিক, রিকশা-ভ্যান শ্রমিক, গণপরিবহন শ্রমিক, কৃষক ও অপ্রাতিষ্ঠানিক (ছোট ও ক্ষুদ্র) উদ্যোক্তদের ভাতা দিতে হবে। সভায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ুবিষয়ক বিশেষ দূত জন কেরির ঢাকা সফর নিয়ে আলোচনা হয়। সভায় সম্প্রতি নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চ ডুবে ৩৫ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয়। এ ছাড়া সভায় সম্প্রতি ফরিদপুরের সালথা উপজেলায় সংঘটিত ঘটনায় প্রায় ১১টি মামলায় ১৭ হাজার মানুষকে আসামি করায় এবং বেশির ভাগ ক্ষেত্রে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা করে সালথা থানায় ‘নির্যাতন চালানো’র তীব্র ক্ষোভ ও নিন্দা জানানোর পাশাপাশি নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়।
