বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষে ২ জন নিহত ও অন্তত ১১ জন আহত হয়েছে। গতকাল রবিবার ভোর ৪টার দিকে উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের সুলতানী গ্রামে এ সংঘর্ষ হয়।
নিহতরা হলেন, সুলতানী গ্রামের সাইফুল ইসলাম সর্দার (৩০) ও সাইদ চৌধুরী (৩৫)। এ সময় ১০-১২টি বসতঘর ও দোকানে ভাঙচুর চালানো হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, সীমানা জটিলতার কারণে কয়েক মাস আগে উলানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু এ নির্বাচনকে কেন্দ্র করে দক্ষিণ উলানিয়া ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিলন চৌধুরী ও দলটির বিদ্রোহী প্রার্থী রুমা বেগমের সমর্থকদের মধ্যে বিরোধ রয়েই যায়। এরই জের ধরে ভোর ৪টার দিকে মিলন চৌধুরীর সমর্থক কয়েকশ’ লোক লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষের বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়।
এ সময় রুমা বেগমের অনুসারীরা প্রতিরোধ করতে গেলে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। দফায় দফায় সংঘর্ষে পার্শ্ববর্তী আশা গ্রামের বাসিন্দা ও রুমা বেগমের সমর্থক সাইফুল ইসলাম সর্দার ঘটনাস্থলেই মারা যায়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়। তাদের মধ্যে গুরুতর অবস্থায় সাইদ চৌধুরীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। তিনি মিলন চৌধুরীর সমর্থক বলে জানা গেছে।
দক্ষিণ উলানিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন জানান, সম্প্রতি স্থগিত হয়ে যাওয়া নির্বাচনকে কেন্দ্র করে মিলন চৌধুরীর লোকজন ভোরে গ্রামে হামলা চালায়। তাদের প্রতিরোধ করতে গিয়ে সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বলে জানান তিনি।
বরিশালের পুলিশ সুপার মো. মারুফ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লাশের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
