করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে সপ্তাহের রবি, মঙ্গল ও বৃহস্পতিবার এই তিন দিন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চে সীমিত পরিসরে বিচারকাজ পরিচালিত হবে। এ ছাড়া প্রতি সোম ও বুধবার চেম্বার আদালত অতীব জরুরি বিষয়ে শুনানি করবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এভাবে বিচারের কার্যক্রম চলবে বলে গতকাল রবিবার এক বিজ্ঞপ্তিতে জানিছে সুপ্রিম কোর্ট প্রশাসন।আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঁইঞা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের (কভিড-১৯) প্রাদুর্ভাবজনিত উদ্ভূত পরিস্থিতিতে ১২ এপ্রিল (আজ) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ১ নম্বর কোর্টে প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সীমিত পরিসরে বিচারকাজ পরিচালিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে প্রতি সোম ও বুধবার বেলা ১১টা থেকে চেম্বার আদালত অতীব জরুরি বিষয়ে শুনানি করবে।
এদিকে গতকাল প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এক নির্দেশনায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারকাজ পরিচালনার জন্য আগে গঠন করা চারটি ভার্চুয়াল বেঞ্চ বহাল রেখেছেন। এর মধ্যে তিনটি দ্বৈত ও একটি একক বেঞ্চ রয়েছে।
