করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সর্বাত্মক লকডাউনের মধ্যে ব্যাংক বন্ধ থাকায় এটিএম বুথের লেনদেন সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, ব্যাংকের গ্রাহকরা এটিএম বুথ থেকে দিনে সর্বোচ্চ ১ লাখ টাকা তুলতে পারবেন। আগে অধিকাংশ ব্যাংকের এটিএম বুথের দৈনিক লেনদেন সীমা ছিল ৫০ হাজার টাকা।
তবে গত বছর করোনার মধ্যে অনেক ব্যাংক নিজ উদ্যোগে এটিএম বুথের লেনদেন সীমা বাড়িয়ে ১ লাখ টাকা করে।
এক্ষেত্রে সব ব্যাংক যাতে একই ধরনের নির্দেশনা অনুসরণ করে সেই লক্ষ্যে গতকাল সোমবার একটি সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ।
সার্কুলারে আন্তঃব্যাংক লেনদেনের আওতায় পড়ে এমন যেকোনো ব্যাংকের গ্রাহক যাতে নিজের ব্যাংক ছাড়াও অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে দৈনিক সর্বোচ্চ এক লাখ টাকা তুলতে পারে এটিএম সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে সেই উদ্যোগ নিতে বলা হয়।
এছাড়া মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠানগুলো যাতে সরকারের বিধিনিষেধ মেনে যথাসময়ে তাদের এজেন্টদের কাছ থেকে নগদ টাকা সংগ্রহ করে সে বিষয়েও নির্দেশনা দেওয়া হয় ওই সার্কুলারে।
এছাড়া জরুরি সেবার প্রাপ্তির জন্য লেনদেনের মাধ্যম হিসেবে যাতে ইন্টারনেট ব্যাংকিং সেবা দেওয়া যায় সে বিষয়টিও নিশ্চিত করতে বলা হয় ব্যাংকগুলোকে।
করোনা পরিস্থিতির অবনতির কারণে মন্ত্রিপরিষদ বিভাগ ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত সব আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে। এই নির্দেশনা অনুযায়ী সব তফসিলি ব্যাংকও বন্ধ থাকবে।
গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে মৃত্যুর ঘটনা ঘটে। এর পরপরই করোনার বিস্তার রোধ করতে দেশে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। ওই বার ১৫ দিনের সাধারণ ছুটি কয়েক দফা বাড়িয়ে দুই মাস পর্যন্ত চলমান রাখা হয়। গত বছরের ২৫ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত সাধারণ ছুটিতে এক দিনের জন্যও ব্যাংক বন্ধ ছিল না।
