এক মৌসুম পর আইপিএলটা দারুণভাবে শুরু করলেন সাকিব আল হাসান। প্রথম বলেই ওপেনার ঋদ্ধিমান সাহাকে বোল্ড করেছেন। যার ধারাবাহিকতায় সানরাইজার্স হায়দরাবাদকে ১০ রানে হারিয়ে আইপিএলের তৃতীয় দল হিসেবে শততম জয় তুলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। একদিন পরই আজ দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে কেকেআর গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। প্রথম ম্যাচে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরেছিল তারা।
আইপিএলের গত আসরে নেট রানরেটের কারণে প্লে-অফে খেলতে পারেনি কেকেআর। এবার শুরুটা দারুণ করলেন টপ অর্ডারের নিতিশ রানা, রাহুল ত্রিপাঠি এবং শেষ দিকে দিনেশ কার্তিক। দারুণ বল করেছেন পেসার প্রসিদ্ধ কৃষ্ণ। আইপিএলের ইতিহাসে ১০০তম জয়ে তাই দারুণ খুশি মালিক শাহরুখ খান, ‘১০০ ম্যাচ জিতে খুব ভালো লাগছে। প্রসিদ্ধ কৃষ্ণ, দিনেশ কার্তিক, নিতিশ রানা, রাহুল ত্রিপাঠি, আন্দ্রে রাসেল, হরভজন সিং (অল্প সময়ের জন্য হলেও তোমাকে কলকাতার জার্সি গায়ে দেখে ভালো লেগেছে), সাকিব আল হাসান, প্যাট কামিন্সআসলে সবার খেলাই দুর্দান্ত লেগেছে।’
হায়দরাবাদের বিপক্ষে অধিনায়ক ইউয়েন মরগ্যানেরও আগে ব্যাট করতে নেমে তেমন সুবিধা করতে পারেননি আন্দ্রে রাসেল। তবে বল হাতে ৩ ওভারে ৩২ রান দিয়ে একটি উইকেট নেন। শেষ ওভারে যখন ২২ রান লাগত হায়দরাবাদের, এই পেসার তার বুদ্ধিমত্তা খাটিয়ে বল করে দেন ১১ রান। তিনি বলেছেন, ‘গতবারের থেকে আমার ফিটনেসের অবস্থা এবার অনেক ভালো। তাই আশা করছি গত বছরের থেকে ভালো খেলব। যে কোনো সময়ে দলের কাজে লাগতে প্রস্তুত। কারণ এখন আমি অনেক বেশি ফিট।’ অধিনায়কের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘মরগান খুব ঠা-া মাথার। আমাদের সম্পূর্ণ স্বাধীনতা দেয়। যখন কোনো পরিকল্পনা কাজ করছে না, তখনই হস্তক্ষেপ করে। গত বার মাত্র কয়েক রানের জন্য পিছিয়ে পড়েছিলাম। বড় মুহূর্তগুলো কাজে লাগাতে পারিনি। এবার সেগুলো কমাতে হবে। ভারতের পরিবেশের সঙ্গে আমি পরিচিত। তাই আরও সাফল্য পেতে মুখিয়ে আছি।’ প্রথম ম্যাচে জয় পেয়ে খুশি মরগানও, ‘আমরা খুশি। যেভাবে নিতীশ এবং ত্রিপাঠির মতো ওপরের দিকে ব্যাটসম্যানরা ব্যাটিং করল, তা অসাধারণ। এর থেকে ভালো ভাবে শুরু করতে পারতাম না। কঠিন দলের বিরুদ্ধে কঠিন ম্যাচ ছিল। সেখানে আমাদের রান যথেষ্টই উঠেছে। জানতাম নিয়ন্ত্রিত বোলিং করলে ম্যাচ আমাদের।’ কোচ এবং সাপোর্ট স্টাফদের ধন্যবাদ নিয়ে মরগান আরও বলেন, ‘ম্যাচের আগে যে ভাবে পরিকল্পনা করি সেগুলো সঠিক ভাবে কাজে লাগানোই আসল। কোচ এবং সাপোর্ট স্টাফ, সবার অবদান রয়েছে। আইপিএলে ফলাফলই আসল। যাদের এবার আমরা কিনেছি, তারা ঠিক সেটাই অর্জন করার চেষ্টা করছে।’ হরভজন সিংকে দিয়ে মাত্র এক ওভার বল করালেও মর্গ্যান বলেছেন, ‘ওর অভিজ্ঞতা দিয়ে বাকিদের সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করেছে, যেটা কাজে লেগেছে।’
