কক্সবাজারের পেকুয়ায় দুর্বৃত্তদের গুলিতে সেলিনা আক্তার (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। গত রবিবার রাত আড়াইটার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বুধামাঝির ঘোনা গ্রামে এ ঘটনা ঘটে। সেলিনা ওই গ্রামের ফরিদুল আলমের স্ত্রী। ফরিদুলের দাবি, প্রথমে তার বাড়িতে ঢুকে চারটি গরু লুটের চেষ্টা করে হামলাকারীরা। কিন্তু সেলিনা এ কাজে বাধা দিতে গেলে এলোপাতাড়ি গুলি ছোড়ে তারা। এতে গুলিবিদ্ধ হয়ে সেলিনার ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ সময় তাকে রক্ষার্থে এগিয়ে আসা ওই দুজনও গুলিবিদ্ধ হন। এরপর গরু নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা।
গুলিবিদ্ধ দুজন হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র একই এলাকার মো. সেলিমের ছেলে নাজমুল সাকিব (২৩) ও নুরুল আবছারের ছেলে সাইফুল ইসলাম। এর মধ্যে সাকিবের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ঘটনায় মাহামুদুল করিম ও মফিজুর রহমান নামে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।
নুরুল ইসলাম নামে একজন বলেন, ‘একই এলাকার প্রয়াত সাহাব মিয়ার ছেলে মো. হোসেন, প্রয়াত আবদু রহমানের ছেলে আক্তারুজামান ও ইউপি সদস্য আবু ছৈয়দ টুকুর নির্দেশে মাহামুদুল করিম, মফিজুর রহমান, মামুন ও কাইছারসহ সংঘবদ্ধ সন্ত্রাসীরা মধ্যরাতে অবৈধ অস্ত্রের ফাঁকা গুলিবর্ষণ করে আমার বসতবাড়িতে তান্ডব চালায়। ভেঙে দেয় পুরো বসতবাড়ি। সেখান থেকে চলে যাওয়ার সময় ফরিদুলের বাড়ির গরু লুট করতে গিয়ে তার স্ত্রীকে গুলি করে হত্যা করে তারা।’
পেকুয়া থানার ওসি (তদন্ত) কানন সরকার বলেন, ‘ঘটনার প্রাথমিক তদন্ত করেছি। দুজনকে আটকও করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
