ফরিদ মামার যত গান করেছি সবই মাইলস্টোন: কুমার বিশ্বজিৎ

আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ০৮:৫১ পিএম

টানা ২০ দিন করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধ করে হেরে গেলেন দেশের অন্যতম সংগীত পরিচালক ফরিদ আহমেদ। মঙ্গলবার পরপারে চলে যান তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই সুরকারের সুর করা প্রথম গানটিতে কণ্ঠ দেন কুমার বিশ্বজিৎ। যিনি বলছেন, ‘ফরিদ মামার যতগুলো গান করেছি সবই মাইলস্টোন।’

ফরিদ আহমেদের চলে যাওয়া কিছুতেই মানতে পারছেন না কুমার বিশ্বজিৎ। স্মৃতিচারণ করতে গিয়ে দেশ রূপান্তরকে তিনি বলেন, ‘আর কখনো দেখা হবে না আমাদের… দেশ হারাল একজন অসাধারণ মিউজিশিয়ানকে।’

সেই ১৯৮২ সালে ফরিদ আহমেদের সঙ্গে কুমার বিশ্বজিতের পরিচয়। এরপর ঘনিষ্ঠতা। কুমার বিশ্বজিৎ সেই স্মৃতিতে ফিরে যান, ‘তার সঙ্গে আমার সম্পর্ক কতটা গভীর বলে বোঝাতে পারব না। ১৯৮২ সালের দিকে ফরিদ মামার সঙ্গে আমার পরিচয়। উনি তখন আলাউদ্দিন আলীর অর্কেস্টা অথবা ঢাকা অর্কেস্ট্রায় বাজাতেন। আমার গাওয়া বিভিন্ন ফিল্মের গানেও গিটার বাজাতেন। সেখান থেকেই আমাদের সম্পর্কটা গাঢ় হয়।’

এরপর গান সুর করার প্রতিও মনোনিবেশ করেন ফরিদ আহমেদ। কুমার বিশ্বজিৎ বলেন, ‘আমিও তাকে সুর করার বিষয়ে উৎসাহ দিতে থাকি। ঘটনাক্রমে তার সুর করা প্রথম গানেই কণ্ঠ দিই আমি। লিটন অধিকারী রিন্টুর লেখা সেই গানটি হলো ‘তুমি ছাড়া আমি যেন মরুভূমি’। গানটির জন্য দুজনেই মানুষের অনেক প্রশংসা পাই।’

এর পর ফরিদ আহমেদের সুর করা আরো কিছু গানে কণ্ঠ দেন কুমার বিশ্বজিৎ, ‘ফরিদ মামা আমার জন্য সুর করেন ‘মনেরই রাগ অনুরাগ ভুলে যাই দেখলে তোমায়’, ‘আমি তোরই সাথে ভাসতে পারি মরণ খেয়ায় এক সাথে’ গানগুলো। এগুলোও মানুষ বেশ পছন্দ করেছে। ফরিদ মামার সুরে খুব বেশি গান করিনি। তবে যতগুলো করেছি সবগুলোই মাইলস্টোন।’

ফরিদ আহমেদের সঙ্গে শেষ সময়ের স্মৃতিগুলো স্মরণ করে কুমার বিশ্বজিৎ বলেন, ‘সর্বশেষ রবীন্দ্রনাথের ‘আমার বেলা যে’ গেয়েছিলাম তার সংগীতায়োজনে। করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই নিয়মিত তার খোঁজ-খবর নিচ্ছিলাম। মাঝে কিছুটা উন্নতি হওয়ায় খুব আশান্বিত হয়েছিলাম। অবস্থায় খারাপের দিকে যাওয়ার পর মনটা ভেঙে যায়। আর আজ তো শেষ আশাটুকুও নিভে গেলে। আর কখনো দেখা হবে না আমাদের! দেশ হারাল একজন অসাধারণ মিউজিশিয়ানকে।’

নিজে আক্রান্ত হওয়ার আগে করোনার এই সময়েও সংগীত ও সংগীতের মানুষদের নিয়েই শুধু ভেবেছেন ফরিদ আহমেদ। কুমার বিশ্বজিৎ বলেন, ‘করোনার মধ্যেও মিউজিশিয়ানদের নিয়ে ওনার চিন্তা-ভাবনা, সরকারের কাছ থেকে কীভাবে সহায়তা পাওয়া যায়, মিউজিকে আমাদের সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায়, বিভিন্ন সংগঠনকে এক করে কীভাবে সামনে এগোনো যায়, এসব নিয়ে অনেক কথা হতো।’

ফরিদ আহমেদের সুর করা আলোচিত গানের মধ্যে রয়েছে ‘ইত্যাদি’ ম্যাগাজিনের টাইটেল সং ‘কেউ কেউ অবিরাম চুপি’, কুমার বিশ্বজিতের গাওয়া ‘তুমি ছাড়া আমি যেন মরুভূমি’, ‘মনেরই রাগ অনুরাগ’, রুনা লায়লার ‘ফেরারি সাইরেন’, রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীনের কণ্ঠে ‘দলছুট প্রজাপতি’, চ্যানেল আইয়ের ‘আজ জন্মদিন’, ‘ক্ষুদে গানরাজ’, ‘হৃদয়ে মাটি ও মানুষ’, সেরা কণ্ঠ প্রতিযোগিতার থিম সং, রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে ‘তুমি আমার জীবনের গহিনে’ প্রভৃতি।

২০১৭ সালে সংগীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ফরিদ আহমেদ। ‘তুমি রবে নীরবে’ সিনেমায় সংগীত পরিচালনার জন্য এ পুরস্কার অর্জন করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত