ঠিকাছে, আমি না হয় হারিয়েই গেলাম: বাকী

আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ১০:৫০ পিএম

আব্দুল্লাহ হেল বাকী কি তবে হারিয়ে গেলেন? কমনওয়েলথ গেমসে টানা দুই আসরে রুপা জয়ী এই শুটারের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে ক্রীড়াঙ্গনে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যে ১০ মিটার এয়ার রাইফেল বাকীর মূল ইভেন্ট, বাংলাদেশ গেমসে সেই ইভেন্টেই ব্রোঞ্জ জুটেছে তার। যদিও ৫০ মিটার ইভেন্টে সোনা জেতেন এই রাইফেল শুটার।

ঘরোয়া এই গেমসের আগে দিল্লিতে আইএসএসএফ বিশ্বকাপে পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী হয়নি বলেই হয়তো বাকীকে ঘিরে হতাশার কথা আসছে বেশি। বাকী অবশ্য কোনো সমালোচনাকেই পাত্তা দিচ্ছেন না।

দেশ রূপান্তরকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘কে কি বলল এটা নিয়ে আমি ভাবি না। আমি শুটিং করি আমার ভালোবাসার জায়গা থেকে। মনের আনন্দের জন্য আমি শুটিং করি। যত দিন পারি, সেই আনন্দের জন্য আমি খেলে যাব।’

অনেকে যে বলছেন বাকী হয়তো হারিয়ে গেলেন? এমন প্রশ্নে বাকীর কথা, ‘এটা নিয়ে আমার কিছু বলার নেই।’ একটু চুপ থেকে বাকী বলতে থাকেন, ‘খেলোয়াড়দের জীবনে এটা হবেই। সব সময় যে একই রকম স্কোর হবে, একই রকম রেজাল্ট হবে তা না।’

এরপরই বাকীর কণ্ঠে কিছুটা অভিমান টের পাওয়া যায়, ‘ঠিকাছে, আমি না হয় হারিয়ে গেলাম…।’

আসলে নিজের প্রতি বিশ্বাসটা এতটুকুও কমেনি বাকীর। কিন্তু বাংলাদেশ গেমসের পারফরম্যান্সে বাকী নিজে খুশি তো? এবার তার উত্তর, ‘আমার কথা বললে বলব, আমি খুশি।’

যোগ করেন, ‘আর যারা বলছেন, আমার পারফরম্যান্স খাপার, তার প্রেক্ষিতে বলব আমি বরং এবার ভালো করেছি। ২০১৭ সালের ন্যাশনালের কথা যদি বলি, আমি অষ্টম হয়েছিলাম। এবার তো ব্রোঞ্জ পেয়েছি। তাই না?’

সেবার জাতীয় প্রতিযোগিতায় হতাশ করার পরও কয়েক মাস পরই গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে রুপা জেতে ফেরেন বাকী।

এখনো যে তার দেশকে অনেকটাই দেওয়ার বাকি, এটাও জানিয়ে দেন এই দেশ সেরা শুটার। বলেন, ‘আমার শুটিং দিয়ে দেশকে কতটুকু দেওয়া যায়, সেই চেষ্টাটাই থাকে সব সময়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত