‘লকডাউনে’ কৃষিপণ্য ও পার্সেল পরিবহনে বিশেষ ট্রেন

আপডেট : ১৪ এপ্রিল ২০২১, ১২:০৫ এএম

রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, করোনাকালে সব ধরনের পণ্যবাহী ট্রেনের সঙ্গে কৃষিপণ্য পরিবহনের সুবিধার্থে আজ থেকে আটটি বিশেষ পার্সেল ট্রেন চলবে। গতকাল রেলভবনে রেলওয়ের করোনাকালে পণ্যপরিবহন বিষয়ে প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন তিনি। রেলমন্ত্রী বলেন, ‘লকডাউনে’ কৃষক যাতে কৃষিপণ্য পরিবহন করতে পারে সেজন্য বিশেষ পার্সেল ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়েছে। রেলওয়ে অতীতে বিভিন্ন সময় ম্যাংগো স্পেশাল ট্রেন, ক্যাটল ট্রেনসহ পার্সেল ট্রেন পরিচালনা করেছে। রেলওয়ে বর্তমানে তেল, সারসহ অন্যান্য পণ্য পরিবহন করছে। কৃষিপণ্য পরিবহনের সুবিধার্থে আজ থেকেই আটটি পার্সেল ট্রেন চলবে।

ঢাকা-সিলেট রুটে পণ্যবাহী ট্রেন ঢাকা থেকে ছাড়বে  বেলা সাড়ে ৩টায়। সিলেট পৌঁছবে রাত আড়াইটায়। আবার সিলেট থেকে একটি ট্রেন ছাড়বে সকাল পৌনে ৭টায়। ঢাকা পৌঁছবে সন্ধ্যা সাড়ে ৬টায়। চট্টগ্রাম-সরিষাবাড়ী রুটে চট্টগ্রাম থেকে ছাড়বে বেলা ৩টায়। সরিষাবাড়ী পৌঁছবে ভোররাত সাড়ে ৪টায়। সরিষাবাড়ী থেকে একটি ট্রেন ভোর সাড়ে ৫টায় ছেড়ে চট্টগ্রাম পৌঁছবে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে। এছাড়াও সপ্তাহে শনি, সোম, ও বুধবার (খুলনা-চিলাহাটি) খুলনা থেকে ছাড়বে বেলা সাড়ে ৩টায়, চিলাহাটি পৌঁছবে রাত আড়াইটায়। সপ্তাহে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার ‘চিলাহাটি-খুলনা’ রুটে চিলাহাটি থেকে ছাড়বে বেলা সাড়ে ৩টায়, খুলনা পৌঁছবে রাত আড়াইটায়। সপ্তাহে শনি, সোম ও বুধবার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম থেকে ঢাকা রুটে একটি ট্রেন চলবে। বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন থেকে ছাড়বে দুপুর ১টায়, ঢাকা পৌঁছাবে রাত ৩টায়। সপ্তাহে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার ‘ঢাকা বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম’ রুটে একটি পার্সেল ট্রেন চলবে। ঢাকা থেকে ছাড়বে সকাল ৬টায়, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশনে পৌঁছবে রাত সাড়ে ৮টায়।

ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সরিষাবাড়ী ও চট্টগ্রাম-সিলেটের মধ্যে পরিবাহিত পার্সেল মালামাল ভৈরববাজার ও আখাউড়া স্টেশনে ল্যাগেজ ভ্যান সংযোজন/বিয়োজনের মাধ্যমে গন্তব্যে প্রেরণ করা হবে। খুলনা-ঢাকা রুটের মালামাল পরিবাহিত লাগেজ ভ্যান ঈশ্বরদী স্টেশনে বিয়োজনকরত বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম-ঢাকা রুটে চলাচলকারী ট্রেনে সংযোজন/বিয়োজন করা হবে। বিশেষ পার্সেল ট্রেনে কৃষিজাত পণ্য যেমন শাকসবজি, দেশীয় ফলমূলসহ অন্যান্য কৃষি পণ্যাদি পরিবহনের ক্ষেত্রে মূল ভাড়ার ওপর ২৫ শতাংশ রেয়তি ও অন্যান্য সব ধরনের চার্জ রহিত থাকবে বলে জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত