ফরিদপুরে চোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। গত সোমবার রাত আড়াইটার দিকে সদর উপজেলার গেরদা ইউনিয়নের পশরা গ্রামে এ ঘটনা ঘটে।
গণপিটুনিতে নিহত ওই ব্যক্তির আনুমানিক বয়স ৩০ বছর। তবে তার পরিচয় জানা যায়নি। ওই ব্যক্তির হাতের আঙুলের ছাপ সংগ্রহ করে পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই এলাকায় খাবারের মধ্যে চেতনানাশক দ্রব্য মিশিয়ে বাড়ির সবাইকে অচেতন করে চুরির ঘটনা ঘটে আসছিল। গত সোমবার ওই এলাকার দিলীপ বিশ্বাস ও তার ভাই আনন্দ বিশ্বাসের বাড়িতে হলুদের গুঁড়ার সঙ্গে চেতনানাশক মিশিয়ে দেওয়ার ঘটনা ঘটে। এ নিয়ে সন্দেহ হওয়ায় ওই হলুদ ব্যবহার করা খাবার বাড়ির একজন বাদে কেউ খাননি।
দিলীপ বিশ্বাস বলেন, রাত দেড়টার দিকে বাড়ির লোকজন দরজায় টোকা দেওয়ার শব্দ শুনে চিৎকার দিলে গ্রামবাসী এগিয়ে আসে। ওই সময় পলায়নরত দুই-তিন ব্যক্তির মধ্যে একজনকে আটক করে গণপিটুনি দেয় গ্রামবাসী।
ফরিদপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন।
