মিরপুরে দম্পতিকে কোপাল বখাটে

আপডেট : ১৪ এপ্রিল ২০২১, ০১:৩০ এএম

রাজধানীর মিরপুরে স্বামী-স্ত্রীকে কুপিয়ে আহত করেছে এক বখাটে। আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মিরপুর ১ নম্বর সেকশনের জনতা হাউজিংয়ের ৫ নম্বর ফটকের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন প্রাইভেট কারচালক তানভীর হোসেন (২৬) ও তার স্ত্রী ইডেন কলেজের ইসলাম শিক্ষা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী শম্পা আক্তার (২০)।

আহত দম্পতিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান প্রতিবেশী আসাদুল ইসলাম সাব্বির। তিনি জানান, আহত স্বামী-স্ত্রী ছয়তলা বাড়ির পঞ্চম তলায় ভাড়া থাকেন। এক বছর আগে তাদের বিয়ে হয়েছে। আমির হোসেন (২৫) নামে এক যুবকের সঙ্গে শম্পার পরিচয় ছিল। বিভিন্নভাবে বিরক্ত করায় আমিরের মোবাইল ফোন নাম্বার ব্লক করে দেন শম্পা। এরপরও সামাজিক যোগাযোগমাধ্যমে শম্পাকে বিরক্ত করত আমির। একপর্যায়ে শম্পা তার স্বামী তানভীরকে বিষয়টি জানালে তারা আমিরকে তাদের বাসায় ডেকে এনে বোঝানোর সিদ্ধান্ত নেয়। এজন্য গতকাল সন্ধ্যায় আমিরকে তাদের বাসায় আসতে বলে। আমির তাদের বাসায় যাওয়ার পর তাকে তানভীর বোঝাচ্ছিল যাতে শম্পাকে সে আর বিরক্ত না করে। একপর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হলে তানভীর আমিরকে চড়-থাপ্পড় দেয়। এতে ক্ষিপ্ত হয়ে আমির রান্নাঘর থেকে বঁটি এনে তানভীর ও শম্পাকে আঘাত করে দৌড়ে পালিয়ে যায়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, তানভীরের পিঠে ও বাম চোখে আর শম্পার দুই হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত