চিকিৎসাধীন রোগী ২ কোটি ৩৯ লাখ

আপডেট : ১৪ এপ্রিল ২০২১, ০১:৪০ এএম

বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বেড়ে চলেছে। আরোগ্য লাভের সংখ্যাও একেবারে কম নয়। গতকাল মঙ্গলবার পর্যন্ত বিশ্বের ২২০টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৩ কোটি ৭৪ লাখের বেশি। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৯ লাখ ৬২ হাজারের বেশি মানুষের। আর এখন পর্যন্ত আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১১ কোটি ৫ লাখের বেশি রোগী। এই হিসাবে বিশ্বে এখন বাসাবাড়ি বা হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২ কোটি ৩৯ লাখের বেশি। এর আগে কোনোদিন চিকিৎসাধীন রোগীর সংখ্যা এত বেশি হয়নি। হাসপাতালে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের মধ্যে প্রায় ১ লাখ ৪ হাজার জনের অবস্থা গুরুতর। 

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডমিটারসের তথ্যমতে, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৫ লাখ ৭৬ হাজার ২৯৮ জন মারা গেছেন। এছাড়া করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ১৯ লাখ ৯০ হাজার ১৪৩ জনের। সুস্থ হয়েছেন ২ কোটি ৪৫ লাখ ৬০ হাজার ৮৫৬ জন।

যুক্তরাষ্ট্রের পর করোনায় এখন সবচেয়ে বেশি আক্রান্ত দেশ ভারত। দেশটিতে ১ কোটি ৩৬ লাখ ৮৬ হাজার ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৭১ হাজার ৮৯ জন।

আক্রান্ত বিবেচনায় এর পরের ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩৫ লাখ ২১ হাজার ৪০৯ জন। তাদের মধ্যে মারা গেছেন ৩ লাখ ৫৫ হাজার ৩১ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে ধীরে ধীরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।

করোনা প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে গত বছরের ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা । গত বছরের ২ ফেব্রুয়ারি চীনের বাইরে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটে ফিলিপাইনে। ওই বছরেরই ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত