করোনাভাইরাসের মারাত্মক সংক্রমণ রোধে আজ বুধবার থেকে শুরু এক সপ্তাহের ‘কঠোর লকডাউনে’ স্বাস্থ্যসেবার সব ধরনের প্রতিষ্ঠান খোলা থাকবে। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীন সব অধিদপ্তর, দপ্তর, প্রতিষ্ঠানের আওতাধীন সব হাসপাতাল ও প্রতিষ্ঠান ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত খোলা থাকবে। এ সময়ের মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে সব অধিদপ্তর, দপ্তর, প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের আবশ্যিকভাবে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করতে এবং স্বাস্থ্যবিধি মেনে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।
করোনাভাইরাসের সংক্রমণ সামাল দিতে আজ থেকে এক সপ্তাহ সব ধরনের অফিস ও পরিবহন চলাচল বন্ধের পাশাপাশি বাজার-মার্কেট, হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। গত সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ২১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত এসব নিষেধাজ্ঞা কার্যকর হবে।
এই সময় সব সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত অফিস এবং আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রাখতে বলা হলেও স্বাস্থ্যবিধি অনুসরণ করে শিল্প-কারখানা চালু রাখার অনুমতি দেওয়া হয়েছে। ‘লকডাউন’-এর মধ্যে শপিংমল বন্ধ থাকবে; কাঁচাবাজারে কেনাবেচা হবে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। হোটেল-রেস্তোরাঁ নির্দিষ্ট সময় শুধু খাবার বিক্রি, সরবরাহ করতে পারবে।
