আগের দিন কলকাতা নাইট রাইডার্স যে পথে হেঁটেছিল, সানরাইজার্স হায়দরাবাদ যেন সেই পথই অনুসরণ করল! ডেভিড ওয়ার্নারের ফিফটির পরও ১৫০ রান তাড়া করতে পারল না দলটি। অল্প পুঁজিতেও দারুণ এক জয় তুলে নিল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। আর দারুণ বোলিংয়ে ম্যাচে নায়ক বনে গেলেন বাংলার ছেলে শাহবাজ আহমেদ।
বুধবার চেন্নাইয়ে অনুষ্ঠিত ম্যাচটি ৬ রানে জিতে নিয়েছে বেঙ্গালুরু। ১৬ ওভারে ২ উইকেটে ১১৫ রান করা হায়দরাবাদ শেষ ২৮ রান যোগ কারতে ৭ উইকেট হারিয়ে বসে। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৪৩ রানে থামে দলটির ইনিংস।
বাঁহাতি স্পিনার শাহবাজ ১৭তম ওভারে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচ ঘুরিয়ে দেন। ২ ওভার বল করে মাত্র ৭ রান খরচায় ৩ উইকেট নেন তিনি। এ ছাড়া ২টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরাজ ও হার্শাল প্যাটেল।
হায়দরাবাদের পক্ষে অধিনায়ক ওয়ার্নার ৩৭ বলে ৭ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৫৪ রান করেন। আইপিএলে এটি তার ৪৯তম ফিফটি। এ ছাড়া ৩৯ বলে ৩৮ রান করেন মনিষ পান্ডে।
এর আগে টস হেরে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৪৯ রান তুলে বেঙ্গালুরু। বিরাট কোহলি ৩৩ রান করলেও এবি ডি ভিলিয়ার্স ১ রানেই থেমে যান। গ্লেন ম্যাক্সওয়েল তুলে নেন ফিফটি। ৪১ বলে ৫৯ রান করেন তিনি ৫ চার ও ৩ ছক্কায়। ২০১৬ সালের পর আইপিএলে ম্যাক্সওয়েলের এটি প্রথম ফিফটি।
হায়দরাবাদের পক্ষে যে পাঁচ বোলার হাত ঘুরিয়েছেন তাদের সবাই উইকেট পেয়েছেন। ৩ উইকেট নিয়ে সবচেয়ে সফল জ্যাসন হোল্ডার। ২ উইকেট পেয়েছেন রশিদ খান। ১টি করে উইকেট নিয়েছেন ভুবনেশ্বার কুমার, শাহবাজ নাদিম ও টি নটরাজন। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন ম্যাক্সওয়েল।
