সাকিব আল হাসান কলকাতা নাইট রাইডার্সে ফিরতেই সুনিল নারিন যেন বাতিলের খাতায় চলে গেলেন! চলতি আইপিএলে প্রথম দুই ম্যাচে কলকাতার একাদশে জায়গা হয়নি ওয়েস্ট ইন্ডিজ তারকার। অথচ টি-টোয়েন্টি ক্রিকেট, বিশেষ করে আইপিএলের অন্যতম পারফরমারদের একজন তিনি।
গত বছর অবশ্য কলকাতার হয়ে প্রত্যাশা মেটাতে পারেননি নারিন। এবার তাই তার একাদশে সুযোগ পাওয়া নিয়ে নানা গুঞ্জন ছিল। সাকিব থাকায় নারিন সুযোগ পাবেন না এমনই বলছিলেন অনেকে। শেষ পর্যন্ত হয়েছেও তাই। তবে সাকিবের প্রতি তাতে এতটুকুও অভিমান জমা পড়েছে নারিনের মনে।
বুধবার ইনস্টাগ্রামে সাকিবের একটি ভিডিও পোস্টই বলে দিচ্ছে সব। যেখানে দেখা যাচ্ছে সাকিবের চুল ছেঁটে দিচ্ছেন নারিন। সাকিব বাধ্য ছেলের মতো চুপটি করে বসে আছেন। আর মাঝেমধ্যে মুচকি হাসছেন। ওদিকে নারিন যেন দক্ষ ‘নরসুন্দর’! একেবারে পেশাদারদের মতোই নির্লিপ্ত মুখে ভীষণ মনোযোগের সঙ্গে নতুন ছাঁট দিচ্ছিলেন সাকিবের চুলে। সাকিব ভিডিওটি পোস্ট করে ক্যাপশন লিখেছেন এক শব্দে, ‘চুলের ছাঁট’।
