টানা দ্বিতীয়বারের মতো উইজডেনের লিডিং ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। ১৫ এপ্রিল প্রকাশিত উইজেডেন ক্রিকেটার অ্যালামনাক’র ২০২১ সংস্করণে বর্ষসেরা লিডিং ক্রিকেটার হিসেবে আবারও জায়গা ধরে রাখলেন তিনি।
এক পঞ্জিকা বর্ষে স্টোকস টেস্টে ৫৮.২৭ গড়ে নিয়েছেন ৬৪১ রান। যা অন্যান্যদের চেয়ে অনেক বেশি। আর বল হাতে ২৯ বছর বয়সী তারকা ১৮.৭৩ গড়ে নিয়েছেন ১৯ উইকেট।
উইজডেনের ২০২০ সংস্করণেও বিশ্বের লিডিং ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছিলেন স্টোকস। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ব্যাট-বল হাতে দুর্দান্ত ছিলেন তিনি। তার নৈপুণ্যে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পায় ইংল্যান্ড। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজের তৃতীয় টেস্ট জয়ে হেডিংলিতে খেলেন অবিস্মরণীয় এক ইনিংস।
বিরাট কোহলির টানা তিন বছরের আধিপত্য থামিয়ে গত বছর এই অ্যাওয়ার্ড জিতেছিলেন স্টোকস। লিডিং ক্রিকেটার হিসেবে নিজের স্থান ধরে রাখা এই অলরাউন্ডার দ্বিতীয় ইংলিশ তারকা হিসেবে এই অ্যাওয়ার্ড জিতেন। ইংলিশদের মধ্যে প্রথমবার এই পুরস্কার জিতেছিলেন অ্যান্ড্রু ফ্লিনটফ, ২০০৫ সালে।
লিডিং ক্রিকেটার ছাড়াও উইজেডেন ক্রিকেটার অ্যালামনাক বছরের যে সেরা পাঁচজন ক্রিকেটার বেছে নিয়েছে তার মধ্যে আছেন জ্যাক ক্রলি, জেসন হোল্ডার, মোহাম্মদ রিজওয়ান, ডমিনিক সিবলি ও ড্যারেন স্টিভেন্স।
নারী ক্রিকেটারদের মধ্যে বিশ্বের লিডিং নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান বেথ মোনি।
