প্রথম স্বল্প মূলধনি কোম্পানি হিসেবে তালিকাভুক্ত হতে যাচ্ছে নিয়ালকো অ্যালয়স লিমিটেড। গতকাল এই কোম্পানিকে অভিহিত মূল্যে সাড়ে ৭ কোটি টাকা উত্তোলনের অনুমতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই) স্বল্প মূলধনি কোম্পানিগুলোর জন্য আলাদা প্ল্যাটফর্ম গঠনের পর নিয়ালকো অ্যালয়স প্রথম কোম্পানি, যা এই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হতে যাচ্ছে। কমিশনের নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয়।
চট্টগ্রামভিত্তিক কোম্পানি নিয়ালকো অ্যালয়সের বর্তমানে পরিশোধিত মূলধন ২১ কোটি টাকা। যোগ্য বিনিয়োগকারীদের কাছ থেকে ১০ টাকা অভিহিত মূল্যে সাড়ে ৭ কোটি টাকা উত্তোলনের পর কোম্পানির পরিশোধিত মূলধন ২৮ কোটি ৫০ লাখ টাকায় উন্নীত হবে। গতকাল কমিশন সভা শেষে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসইসি জানিয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (কোয়ালিফাইড ইনভেস্টর অফার বাই স্মল কোম্পানিজ) রুলস, ২০১৮ অনুযায়ী কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) পুঁজি উত্তোলন করবে, যা দিয়ে কোম্পানিটি ভূমি উন্নয়ন, যন্ত্রপাতি ক্রয় ও কিউআইও খরচ খাতে ব্যয় করবে। কোম্পানিটি অভিহিত মূল্যে ৭৫ লাখ শেয়ার ছাড়বে।
অর্থ উত্তোলনের শর্ত হিসেবে, এসএমই প্ল্যাটফর্মে লেনদেনের তারিখ হতে পরবর্তি তিন বছর কোম্পানিটি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর সময়কালের হিসাববিবরণী অনুযায়ী, নিয়ালকো অ্যালয়সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৯১ পয়সা ও পুনঃপূল্যায়ন সঞ্চিতি ছাড়া নিট সম্পদ মূল্য ১২ টাকা ৪৩ পয়সা।
এসইসির পক্ষ থেকে জানানো হয়েছে ক্ষুদ্র ও মাঝারি খাতকে দীর্ঘমেয়াদি অর্থায়নের সরকারি পরিকল্পনা বাস্তবায়নেই নিয়ালকো অ্যালয়সকে টাকা তোলার অনুমোদন দেওয়া হয়েছে। এই অনুমোদনের মাধ্যমে দেশের এসএমই খাতের কোম্পানিগুলোর পুঁজিবাজারে তালিকাভুক্তির পথ সুগম হলো। এতে করে স্বল্প মূলধনি কোম্পানিগুলো ব্যবসা সম্প্রসারণে অন্যান্য বিনিয়োগকারীর কাছ থেকে মূলধন উত্তোলনের সুযোগ পাবে।
নিয়ালকো অ্যালয়সের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এমটিবি ক্যাপিটাল লিমিটেড। ইস্যু ব্যবস্থাপনা কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ দেশ রূপান্তরকে বলেন, নিয়ালকো অ্যালয়স চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হবে।
এসইসি জানিয়েছে, এটি কোনো পাবলিক অফার নয়, বাংলাদেশে এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্তির জন্য এটিই প্রথম কমিশন কর্তৃক অনুমোদিত কিউআইও। গতকালের কমিশন সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এখন থেকে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজের বাজারমূল্যে যেসব ব্যক্তি বিনিয়োগকারীর এক কোটি টাকা বিনিয়োগ রয়েছে, তারা যোগ্য বিনিয়োগকারী হিসেবে বিবেচিত হবেন। ফলে এসব বিনিয়োগকারীও স্বল্প মূলধনির শেয়ারে বিনিয়োগ করতে পারবেন।
২০১১ সালের ২১ জুন প্রতিষ্ঠিত নিয়ালকো অ্যালয়সের বাণিজ্যিক কার্যক্রম শুরু হয় ২০১৫ সালের ৫ জুলাই। কোম্পানিটি ব্রোঞ্জ, পিতল, গান মেটালসহ আরও অনেক ধরনের পণ্য উৎপাদন করে। ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি পণ্য বিক্রি থেকে আয় করে ৩২ কোটি ৪৭ লাখ টাকা। এ সময় কোম্পানির সমন্বিত নিট মুনাফা দাঁড়ায় ১ কোটি ৫১ লাখ টাকা।
