করোনার দ্বিতীয় আঘাতে বুধবার থেকে দেশব্যাপী শুরু হওয়া ‘লকডাউনে’ অনেকটাই নিয়ন্ত্রিত জনজীবন শুরু হয়েছে। এরই মধ্যে রোজার আগমনে চিরাচরিত নিয়মে পাল্টে গেছে দৃশ্যপট। যেহেতু পবিত্র রমজান মাস গুনাহ মাফের মাস। এ মাসে ধর্মপ্রাণ মুসলমানরা বেশি বেশি ইবাদত-বন্দেগি করে থাকেন। পবিত্র রমজান মাস তিন ভাগে বিভক্ত।প্রথম দশ দিন রহমতের, দ্বিতীয় দশ দিন মাগফিরাতের এবং শেষ দশ দিন মুক্তির। জীবনের প্রতিটি মুহূর্তেই আল্লাহর রহমত আমাদের ওপর বর্ষিত হতে থাকে। তবে পবিত্র রমজানের প্রথম দশ দিনে রহমতের বারিধারা আরও প্রবল বেগে বইতে থাকে। এতে সিক্ত হয়ে মুমিন বান্দারা পরকালে সুউচ্চ আসনে আসীন হতে পারেন। হজরত রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘এই মাসে রহমতের দরজাগুলো খুলে যায়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং বড় বড় শয়তানকে আটক করে রাখা হয়।’সহিহ্ বোখারি
রমজানে বেশি বেশি দোয়া-দরুদ পাঠ, তওবা-ইস্তেগফার ও প্রার্থনার মাধ্যমে আল্লাহর রহমতের ভাগীদার হওয়া যায়। এই মাসের প্রতিটি মুহূর্ত মহান আল্লাহর বিশেষ রহমতে পরিপূর্ণ। রোজা পালনের মধ্য দিয়ে মুমিন বান্দারা আত্মিকভাবে নিজেদের গড়ে তুলতে সক্ষম হন। তাই আল্লাহতায়ালা রোজাদারদের জন্য পবিত্র রমজান মাসে তার রহমতের দরজা অবারিত করে দেন। রমজানে রোজাদার আল্লাহর কাছে যত চাইবে আল্লাহ ততই দেবেন।
আমরা প্রত্যেকেই আল্লাহর রহমতের মুখাপেক্ষী। সেই রহমত কারও অনুকূলে না থাকলে ধ্বংস অনিবার্য। যারা দুনিয়াতে সফল হয়েছেন সবাই আল্লাহর অনুগ্রহ ও রহমতপ্রাপ্ত। রমজান আমাদের আল্লাহর রহমত লাভের অনন্য সুযোগ করে দিয়েছে। এই দশকে আমরা বেশি বেশি করে তওবা, ইস্তেগফার ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। আমরা আল্লাহর দিকে যত দ্রুত এগিয়ে যাবে আল্লাহ এর চেয়ে শতগুণ বেশি বেগে আমাদের দিকে ছুটে আসবেন। আল্লাহর রহমতও এমনই। যারা গোলামির মাধ্যমে আল্লাহকে রাজি-খুশি করতে পারবে দুনিয়া-আখেরাতে মহান সত্তার রহমত তাদের সঙ্গী হবে। আর কারও জীবনে আল্লাহর রহমতের বারিধারায় সিক্ত হওয়ার সুযোগ হলে এর চেয়ে সৌভাগ্যবান আর কিছু নেই। রমজানে এই সুবর্ণ সুযোগ পেয়েও যারা কাজে লাগাতে পারবে না তারা বড়ই হতভাগা! তাদের এই হতভাগ্য নিয়ে আল্লাহ ও রাসুল (সা.) আক্ষেপ করেছেন। আমরা অনেকেই হেলায়-খেলায় রমজানের সময়গুলো কাটিয়ে পরবর্তী সময়ে আফসোস করি। সে আফসোসের কোনো মূল্য নেই। রমজান মাত্র শুরু হয়েছে। এজন্য আসুন যথাযথভাবে হক আদায়ের মাধ্যমে এই মাসের রহমত ও বরকত পুরোপুরি লাভের চেষ্টা করি। আমরা উদ্যোগী হলে অবশ্যই আল্লাহর সাহায্য আমাদের সঙ্গ দেবে।
লেখক : আলেম ও ধর্মীয় নিবন্ধকার
