মিয়ানমারে অভ্যুত্থান

বিক্ষোভকারীদের অন্যতম নেতা গ্রেপ্তার

আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ০১:২৯ এএম

মিয়ানমারে চলমান জান্তাবিরোধী বিক্ষোভের অন্যতম নেতা ওয়াই মো নাইংকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গতকাল বৃহস্পতিবার দেশটির মানিওয়া শহরে একটি মোটরসাইকেল র‌্যালি থেকে তাকে আটক করা হয়। তার বন্ধু ও সহকর্মীরা জানান, মোটরসাইকেল র‌্যালির নেতৃত্ব দেওয়ার সময় মো নাইংকে গাড়ি দিয়ে ধাক্কা দেওয়া হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

মিয়ানমারে গত ১ ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর থেকেই বিরোধীরা জান্তা শাসনের বিরুদ্ধে পদযাত্রা, সমাবেশসহ নানাভাবে বিক্ষোভ-আন্দোলন করে আসছেন। এর বড় একটা অংশের নেতৃত্ব দিচ্ছেন ‘মানিওয়ার পাণ্ডা’ নামে পরিচিতি পাওয়া ওয়াই মো নাইং।

বিক্ষোভ আয়োজনকারী একটি গোষ্ঠীর সদস্য উইন জ খিয়াং সোশ্যাল মিডিয়ায় বলেছেন, ‘আমাদের ভাই ওয়াই মো নাইংকে গ্রেপ্তার করা হয়েছে। তার মোটরসাইকেলে ধাক্কা দিয়েছে অচিহ্নিত একটি পুলিশের গাড়ি।’

ইয়াঙ্গুন থেকে প্রায় ৭০০ কিলোমিটার দূরে আন্দোলনের অন্যতম কেন্দ্র মানিওয়া শহর থেকে র‌্যালি শুরুর কিছুক্ষণ আগে রয়টার্সের সঙ্গে ফোনে কথা হয় চলমান বিক্ষোভের অন্যতম জনপ্রিয় নেতা ২৫ বছর বয়সী ওয়াই মো নাইংয়ের।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট হওয়া ভিডিওতে দেখা যায়, উল্টোদিক থেকে একটি গাড়ি কোনোরকম ভ্রুক্ষেপ ছাড়াই মোটরসাইকেল র‌্যালিতে ঢুকে যাচ্ছে।

মিয়ানমারের যানবাহনের ডেটাবেজে থাকা কোনো গাড়ির সঙ্গে ভিডিওতে দেখা যাওয়া কালো রঙের ওই গাড়ির লাইসেন্স প্লেটের লেখা নাম্বার মেলেনি।

রয়টার্স এই ফুটেজের সত্যতা যাচাই করতে পারেনি। এ বিষয়ে মতামতের জন্য যোগাযোগ করা হলে জান্তা বাহিনীর মুখপাত্রও কোনো সাড়া দেননি।

মিয়ানমারের সুইডিশ দূতাবাস জানায়, তারা ওয়াই মো নাইংয়ের গ্রেপ্তারের বিষয়টি পর্যবেক্ষণ করছে। এ ছাড়া আটক সব বিক্ষোভকারীকে সঠিক স্বাস্থ্যসেবা দেওয়াসহ তাদের মানবাধিকার রক্ষার আহ্বান জানিয়েছে সুইডেন দূতাবাস।

ওয়াই মো নাইং গ্রেপ্তারের খবরে ক্ষুব্ধ জান্তাবিরোধী বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের আরেক নেতা তায়জার সান ফেইসবুকে লেখেন, ‘আমাদেরকে এখন দ্বিগুণ শক্তি নিয়ে মিয়ানমারের বর্তমান ও ভবিষ্যৎ রক্ষার এই লড়াইয়ে শামিল হতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত