বাংলাদেশে সব ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে। গত বুধবার ঢাকার ভারতীয় হাইকমিশন এ সিদ্ধান্ত নিয়েছে বলে খবর দিয়েছে দেশটির ডিডি নিউজ।
করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে গত বুধবার থেকে বাংলাদেশ সরকার এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ আরোপ করে। এরপরই নিজেদের ভিসা আবেদন কেন্দ্রগুলোর কার্যক্রম সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দেয় ভারতের হাইকমিশন।
এ বিষয়ে ভারতের হাইকমিশনের ভেরিফাইড ফেইসবুক পেজে বলা হয়, আগামী ২১ এপ্রিল পর্যন্ত ভিসা কার্যক্রম স্থগিত থাকবে। তবে জমা দেওয়া আবেদন ও যেকোনো জরুরি অনুরোধের জন্য ারংধযবষঢ়.ফযধশধ@সবধ.মড়া.রহ- এ ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে।
গত বছর বাংলাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর ভারত একইভাবে ভিসা আবেদন কার্যক্রম স্থগিত করেছিল। পরে সংক্রমণ কমে এলে প্রায় ৬ মাস পর গত বছরের অক্টোবরে এ কার্যক্রম ফের চালু হয়। সে সময় পর্যটক ভিসা ছাড়া বাকি সব ধরনের ভিসা আবেদন গ্রহণ করেছিল ঢাকার ভারতীয় ভিসা কেন্দ্রগুলো।
ভারতে সবচেয়ে বেশি বিদেশি পর্যটক যায় বাংলাদেশ থেকে। ২০১৯ সালে ঢাকার ভারতীয় হাইকমিশন এ-সংক্রান্ত ১৬ লাখের বেশি ভিসা ইস্যু করেছিল।
গত বুধবার থেকে শুরু হওয়া বিধিনিষেধের আওতায় বাংলাদেশে বিশেষ কিছু ক্ষেত্র বাদে সব ধরনের অফিস ও গণপরিবহন বন্ধ রয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষজনকে ঘর থেকে বের না হওয়ার নির্দেশনা দেওয়া রয়েছে।
বাংলাদেশে গত কয়েক দিনে ভয়াবহ আকারে বাড়ছে করোনার সংক্রমণ। এতে আক্রান্ত হয়ে গতকাল বৃহস্পতিবার ৯৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১০ হাজার ৮১ জন।
