করোনা আক্রান্ত প্রখ্যাত লালশিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থা উন্নতির দিকে। মায়ের শারীরিক অবস্থা জানিয়ে এমন তথ্য দিয়েছেন ফরিদা পারভীনের ছেলে ছেলে ইমাম জাফর নোমানী। তিনি গণমাধ্যমকে জানান, ‘আমার মায়ের অবস্থা এখন আগের চেয়ে অনেক ভালো। ভালোভাবেই রিকভার করছেন। তিনি ভালো আছেন, মায়ের জ্বর নেই। তবে ফুসফুস আক্রান্ত হওয়ায় সুস্থ হতে কিছুটা সময় লাগবে বলে ডাক্তার বলেছেন। এছাড়া সবকিছুই স্বাভাবিক অবস্থায় আছে। দু’তিন দিনের মধ্যে তার আবার কোভিড টেস্ট করানো হবে। নেগেটিভ এলেই বাসায় নেব।’
গত ৮ এপ্রিল ফরিদা পারভীনের করোনা শনাক্ত হয়। ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিছুদিন বাসাতে চিকিৎসা নিলেও ১২ এপ্রিল তাকে ইউনিভার্সেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিটি স্ক্যানের রিপোর্ট অনুযায়ী তার ফুসফুসের প্রায় ৫০ শতাংশ আক্রান্ত হয়েছিল।
ফরিদা পারভীন লালনের গান গেয়ে দেশে-বিদেশে খ্যাতি পেয়েছেন৷ ১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুল সংগীত গাইতে শুরু করেন। পরবর্তীতে ১৯৭৩ সালের দিকে দেশাত্মবোধক গান গেয়ে জনপ্রিয়তা পান। সাধক মোকসেদ আলী শাহের কাছে ফরিদা পারভীন লালন সংগীতের তালিম নেন। ১৯৮৭ সালে ফরিদা পারভীন সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য একুশে পদক পান। এছাড়া ২০০৮ সালে তিনি জাপান সরকারের পক্ষ থেকে ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কারও পেয়েছেন। সেরা প্লে-ব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন ১৯৯৩ সালে।
