ম্যানইউ পেল রোমাকে আর্সেনালের মুখোমুখি ভিয়ারিয়াল

আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ১২:৪৬ এএম

ইউরোপা লিগের সেমিফাইনাল লাইনআপ চূড়ান্ত হয়েছে। গত বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল ও ভিয়ারিয়াল। ড্র হয় এএস রোমা ও আয়াক্সের ম্যাচ। তবে দু’লেগে গোলের হিসাবে এগিয়ে থেকে রোমা পৌঁছে গেছে সেমিতে। যেখানে তাদের প্রতিপক্ষ ইংলিশ জায়ান্ট ম্যানইউ। অপরটিতে আর্সেনাল খেলবে ভিয়ারিয়ালের বিপক্ষে।

ম্যানইউর সহজ জয়

ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানইউ ২-০ গোলে হারিয়েছে গ্রানাদাকে। এর আগে প্রথম লেগেও একই ব্যবধানে জিতেছিল রেড ডেভিলরা। ফলে দু’লেগ মিলে ৪-০তে জয়ী হয়ে সেমিতে পা দিল ম্যানচেস্টার ইউনাইটেড। এবার দারুণ ফর্মে আছে ওলে গানার সোলসকায়েরের দল। ইংলিশ প্রিমিয়ার লিগে দলটি আছে দ্বিতীয় স্থানে। এবার চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার পর তৃতীয় হয়ে ইউরোপা লিগে আসে ইংলিশ দলটি। সেই তুলনায় কিছুটা পিছিয়ে থাকা গ্রানাদার সঙ্গে দুই লেগেই সহজ জয় পেল তারা। গত বৃহস্পতিবার ম্যাচের ষষ্ঠ মিনিটে এডিনসন কাভানির গোলে এগিয়ে যায় ম্যানইউ। ইউরোপিয়ান প্রতিযোগিতায় এটি কাভানির ৫০তম গোল। পুরো ম্যাচে বল দখলে স্বাগতিকরা এগিয়ে থাকলেও গোলমুখে খুব একটা আক্রমণ হয়নি। পোস্টে ম্যানইউর শট ছিল মাত্র ২টি, গ্রানাদার ৩টি। ম্যাচের ৯০ মিনিটে আত্মঘাতী গোল করেন গ্রানাদার জেসুস ভেলেজো। তাতে সহজ জয় নিশ্চিত হয় ২০১৭’র চ্যাম্পিয়নদের। সেমিতে ইতালিয়ান ক্লাব এএস রোমার বিপক্ষে খেলবে ম্যানইউ। রোমা ও আয়াক্সের দ্বিতীয় লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। তবে প্রথম লেগে ১-২ গোলে জয় পেয়েছিল রোমা। ফলে দু’লেগ মিলিয়ে ৩-২-এ জিতে সেমিতে এসেছে রোমা।

প্রতিপক্ষ হিসেবে রোমাকে পেয়ে রোমাঞ্চিত ম্যানইউ কোচ সোলসকায়ের, ‘মনে হচ্ছে দারুণ এক ইউরোপিয়ান লড়াই হবে। রোমার অনেক ইতিহাস, ঐতিহ্য আছে। আমরা অতীতে ইতালিয়ান ক্লাবের সঙ্গে ভালো করেছি। ফাইনালে যাওয়ার আশা নিয়েই খেলব। ট্রফিসহ মৌসুম শেষ করতে পারলে ভালোই লাগবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত