যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের সবচেয়ে জনবহুল শহর ইন্ডিয়ানাপোলিসে বন্দুকধারীর হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। আরও অনেকে আহত হয়েছেন বলে স্থানীয় পুলিশের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে সিএনএন। গত বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক পণ্য ডেলিভারি সংস্থা ফেড-এক্সের একটি স্থাপনায় এ হামলা হয় বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ।
গতকাল শুক্রবার সকালে পুলিশের মুখপাত্র জেনায়ে কুক জানিয়েছেন, হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি বলেন, বন্দুকধারী নিজেই নিজের প্রাণ নিয়েছে বলে বিশ্বাস করে পুলিশ। বর্তমানে ওই এলাকায় কোনো হুমকি নেই। হামলাকারীর উদ্দেশ্য এখনো নিশ্চিত নয়।
কুক জানান, স্থানীয় সময় রাত ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তখন সেখানে গুলি চলছিল। এরপরও নির্দ্বিধায় ভেতরে প্রবেশ করেন পুলিশ কর্মকর্তারা। তিনি বলেন, আমরা গুলিবিদ্ধ আটজনকে শনাক্ত করেছি, যারা ঘটনাস্থলেই মারা গেছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা হামলাকারীকে একটি স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালাতে দেখেছেন।
জেরেমিয়া মিলার নামে ফেড-এক্সের এক কর্মী বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমি এক ব্যক্তিকে একধরনের সাবমেশিনগানসহ দেখেছি। সে উপর্যুপরি গুলি চালাচ্ছিল। ভয়ে আমি সঙ্গে সঙ্গে শুয়ে পড়ি।’
এদিকে এক বিবৃতিতে ফেড-এক্স কর্র্তৃপক্ষ জানিয়েছে, তারা বন্দুক হামলার বিষয়ে অবগত এবং তদন্তে সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষকে সহায়তা করছে। সংস্থাটি বলেছে, নিরাপত্তাই আমাদের প্রথম অগ্রাধিকার। ভুক্তভোগী সবার জন্য আমাদের চিন্তা রয়েছে।
