চুয়াডাঙ্গার দামুড়হুদা থানায় জমিজমা নিয়ে সালিশ বৈঠকে উপজেলা ভাইস চেয়ারম্যান পিটিয়ে হত্যা করেছে ৭৫ বছর বয়সী এক ব্যক্তিকে। গতকাল শুক্রবার দুপুরে থানার গেটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলামকে আটক করেছে পুলিশ। নিহত ইস্রাফিল মোল্লা দামুড়হুদা উপজেলার পীরপুরকুল্লা গ্রামের মৃত জোনাব আলী মোল্লার ছেলে।
স্থানীয়রা জানায়, দামুড়হুদা উপজেলার পীরপুরকুল্লা গ্রামের বজলুর রশিদ ও নজরুল ইসলামের মধ্যে জমিসংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনায় শামসুল ইসলামের ছেলে নজরুল ইসলাম বাদী হয়ে দামুড়হুদা থানায় একই গ্রামের বজলুর রশিদের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে দামুড়হুদা থানার পুলিশ উভয়পক্ষকে নিয়ে গতকাল বেলা ১১টার দিকে থানা চত্বরে সালিশ বৈঠকে বসে। কিন্তু বৈঠকের শেষের দিকে থানার সামনে ডেকে নিয়ে বজলুর রশিদের পক্ষের বৃদ্ধ ইস্রাফিল মোল্লাকে পেটান উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম। পরে স্থানীয়রা ইস্রাফিল মোল্লাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ওসি আবদুল খালেক বলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলামকে থানা হেফাজতে রাখা হয়েছে। পরে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
