তামিমের পর মুশফিক-সাইফ-শান্তর ফিফটি

আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ০৮:১৪ পিএম

শ্রীলঙ্কা সফরে মূল সিরিজ শুরুর আগে নিজেদের মধ্যে খেলা প্রস্তুতি ম্যাচে রান পেলেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। দুজনই ফিফটি তুলে নেন। এ ছাড়া দুই তরুণ সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্তও পেয়েছেন ফিফটি।

শনিবার কাতুনায়েকের সিএমসিসি গ্রাউন্ডে সবুজ দল ও লাল দল নামে ভাগ হয়ে খেলতে নামে সফরের স্কোয়াডে থাকা টাইগাররা। লাল দলের নেতৃত্বে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, সবুজ দলের নেতৃত্বে টেস্ট অধিনায়ক মুমিনুল হক।

টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেওয়া লাল দল ৭৯.২ ওভার খেলে ৬ উইকেটে ৩১৪ তুলেছে। অবশ্য ছয় ব্যাটসম্যানের পাঁচ জনই আউট হয়েছেন স্বেচ্ছায় ব্যাটিং ছেড়ে দেওয়ায়। সবুজ দলের একমাত্র উইকেট শিকারি বোলার শুভাগত হোম। শেষ বিকেলে তাইজুল ইসলামকে ফেরান তিনি।

তাইজুল মাত্র ২ রান করেন। দিনের খেলা শেষ হওয়ার আগে মেহেদী হাসান মিরাজ ২৪ রানে অপরাজিত ছিলেন। বাকি পাঁচ ব্যাটারই রান পেয়েছেন।

তামিম ইকবালের ঝোড়ো ব্যাটিংয়ে লাঞ্চের আগেই ১০০ তুলে ফেলে লাল দল। ৯ চার ও ২ ছক্কায় ৫৩ বলে ৬৩ করেন তামিম। লাঞ্চের পর আর ব্যাটিংয়ে নামেননি তিনি।

আরেক ওপেনার সাইফ হাসান ও তিনে নামা নাজমুল হোসেন শান্ত ঠান্ডা মাথার ব্যাটিংয়ে সেরে নেন অনুশীলন। ৬ চার ও ১ ছক্কায় ৯৪ বলে ৫২ করে ব্যাটিং ছাড়েন সাইফ। শান্ত ব্যাটিং ছেড়ে দেন ১১১ বলে ৫৩ রান করে।

মুশফিকুর রহিম ৯ চার ও ১ ছক্কায় ৮২ বলে ৬৬ রান করে ব্যাটিং ছেড়ে দেন। পাঁচ নম্বরে খেলতে নামা নুরুল হাসান সোহান ৪৮ রান করে ব্যাটিং ছেড়ে দেন। সব মিলে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনটা দারুণ কাটিয়েছেন ব্যাটাররা।

এই অনুশীলন ম্যাচ শেষে ২১ জনের স্কোয়াড নামিয়ে আনা হবে ১৬ জনে।

দুই দলের প্রথম টেস্ট শুরু হবে ২১ এপ্রিল। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৯ এপ্রিল। দুটি ম্যাচই হবে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে।

প্রস্তুতি ম্যাচের দুই দল

লাল দল:

তামিম ইকবাল (অধিনায়ক), সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি, সৈয়দ খালেদ আহমেদ এবং একজন সাপোর্ট স্টাফ।

সবুজ দল:

সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুমিনুল হক সৌরভ, মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, শুভাগত হোম, নাঈম হাসান, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন চৌধুরী, শহিদুল ইসলাম এবং মুকিদুল ইসলাম মুগ্ধ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত