বিশ্বকাপের জন্য ভারতের ভিসা পাচ্ছেন বাবররা

আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ০১:২৪ এএম

জন্ম থেকেই দুই দেশের বৈরী সম্পর্ক। ভারত-পাকিস্তান তিন বার নিজেদের মধ্যে যুদ্ধ করেছে। রাজনৈতিক কারলে দু’দেশের ক্রিকেট সম্পর্কও স্বাভাবিক নয় অনেকদিন হলো। দ্বিপক্ষীয় সিরিজ তো হয়ই না, বহুপক্ষীয় টুর্নামেন্টেও ভিসা জটিলতা তৈরি হয়। আইসিসির টুর্নামেন্ট ছাড়া মাঠে দু’দলের দেখাও হয় না।

ভারতে আইসিসির টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে অক্টোবর-নভেম্বরে। সেখানে খেলতে ভারতের ভিসার নিশ্চয়তা চেয়েছিল পাকিস্তান। তাদের সে দাবি মেনে নেওয়া হয়েছে। পাকিস্তানকে ভিসা দিতে রাজি হয়েছে ভারত সরকার। সুসংবাদটি জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই সদস্য দেশটির সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘পাকিস্তানি ক্রিকেটারদের ভিসা সমস্যার সমাধান হয়েছে। তবে ভক্তরা সীমান্ত পাড়ি দিয়ে এসে খেলা দেখতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।’ তবে এ বিষয়ে আশ্বাস দিয়েছেন ঐ কর্মকর্তা, ‘পাকিস্তানি দর্শকদের ভিসার বিষয়টিও সময়মতো সমাধান করা হবে।’ কিছুদিন আগে ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার ভিসা জটিলতা নিয়ে পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেন, ‘এটা আইসিসির ভাবনার বিষয়। আমরা নিজেদের চিন্তার কথা বলেছি। আয়োজনের চুক্তিতে খোলাসা করে বলাই আছে, অংশ নেওয়া দেশগুলোর জন্য ভিসা ও থাকার ব্যবস্থা করতে হবে আয়োজক দেশকে। পাকিস্তান সেই অংশ নেওয়া দলগুলোর একটি।’

টি-২০ বিশ্বকাপের জন্য ৯ ভেন্যুর প্রস্তুতি

সব কিছু ঠিক থাকলে অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২১। হাতে পাঁচ মাস সময় থাকলেও এখনই প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের জন্য ৬টি ভেন্যু নির্ধারণের চিন্তাভাবনা করছিল তারা। তবে শুক্রবার এ সংক্রান্ত এক সভায় প্রাথমিকভাবে ৯টি ভেন্যু নির্ধারণ করেছে বিসিসিআই। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমস তাদের এক রিপোর্টে জানিয়েছে ফাইনাল হতে পারে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ভারতে করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি। তবে প্রস্তুতি চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিসিসিআইয়ের পক্ষ থেকে। বিশ্বকাপের জন্য নির্বাচিত ভেন্যুগুলো হলো মুম্বাই, দিল্লি, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু, হায়দরাবাদ, আহমেদাবাদ, ধর্মশালা ও লাখনৌ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত