সড়কে প্রাণ গেল ৭ জনের

আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ০২:২১ এএম

দেশের চার জেলায় সড়ক দুর্ঘটনায় শিশু-কিশোরসহ সাতজন নিহত হয়েছে। গত শুক্রবার রাত থেকে গতকাল শনিবার বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে শরীয়তপুরের নড়িয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই কিশোর, সাতক্ষীরার তালায় ট্রাক-পিকআপ সংঘর্ষে দুই নির্মাণশ্রমিক, বান্দরবানের লামায় পিকআপ উল্টে দুই শ্রমিক ও নোয়াখালীর সোনাইমুড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় এক শিশু নিহত হয়েছে। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে :

শরীয়তপুর : নড়িয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অভি আকন (১৬) ও বায়েজিদ সিকদার (১৬) নামে দুই কিশোর নিহত হয়েছে। গত শুক্রবার রাত ৯টার দিকে শরীয়তপুর-ঢাকা মহাসড়কের আন্ধারমানিক বেইলি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, জাজিরা থেকে ফেরার পথে আন্ধারমানিক বেইলি ব্রিজ এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে তারা। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বায়েজিদকে মৃত ঘোষণা করেন। আর উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে অভির মৃত্যু হয়। নড়িয়া থানার ওসি অবনী শংকর কর দুর্ঘটনার বিষয়টি জানিয়েছেন।

সাতক্ষীরা : তালায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মুন্না কারিকর (৩৫) ও শফিকুল ইসলাম (৫০) নামে দুই নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। গতকাল ভোরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের শুভাষিণী বাজারসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গতকাল ভোরে ২০-২৫ জন নির্মাণশ্রমিক নিয়ে একটি পিকআপ মাদারীপুর থেকে সাতক্ষীরায় ফিরছিল। পথে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের শুভাষিণী বাজারসংলগ্ন স্থানে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি উল্টে গিয়ে ঘটনাস্থলেই শফিকুল ও মুন্নার মৃত্যু হয়। তালা থানার ওসি মেহেদী রাসেল আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।

বান্দরবান : লামায় পিকআপ উল্টে মো. মানিক (৩৫) ও সুইহ্লাচিং মারমা (৪০) নামে দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। গতকাল বিকেলে উপজেলার গজালিয়া-লামা সড়কের নাপিতের ঝিরি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বিকেল ৪টার দিকে গজালিয়া বাজার এলাকায় বালু ফেলে লামার দিকে যাচ্ছিল পিকআপটি। পথে নাপিতের ঝিরি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি উল্টে চালকসহ পাঁচ আরোহী আহত হন। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মানিককে মৃত ঘোষণা করেন। আর সুইহ্লাচিং মারমাকে কক্সবাজার সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানে তার মৃত্যু হয়। লামা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নোয়াখালী : সোনাইমুড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রতন (৮) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে সোনাইমুড়ী পৌর এলাকার নাওতলা ভূঁইয়াবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ঢাকা-নোয়াখালী মহাসড়ক পার হচ্ছিল রতন। নাওতলা ভূঁইয়াবাড়ি নামক স্থানে ঢাকা থেকে নোয়াখালী অভিমুখী একটি গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে রতনের লাশ উদ্ধার ও কাভার্ড ভ্যানটি জব্দ করে পুলিশ। সোনাইমুড়ী থানার ওসি মো. গিয়াস উদ্দিন জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত