বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত কবরী

আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ০৫:৪২ এএম

রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন ঢাকার চলচ্চিত্রের ‘মিষ্টি মেয়ে’ খ্যাত কিংবদন্তি নায়িকা সারাহ বেগম কবরী। গতকাল শনিবার বাদ জোহর তার দাফন সম্পন্ন হয়। এর আগে মুক্তিযুদ্ধে বিশেষ ভূমিকা রাখায় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। কবরস্থান মসজিদে অনুষ্ঠিত হয় নামাজে জানাজা। এ সময় জানাজায় অংশ নেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, পরিচালক মুশফিকুর রহমান গুলজার, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানসহ চলচ্চিত্র অঙ্গন, রাজনৈতিক অঙ্গন ও কবরীর পারিবারের ঘনিষ্ঠজনরা।

করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবরী। রাতে হাসপাতালটির হিমঘরেই তার মরদেহ রাখা হয়। সকালে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের হিমঘর থেকে মরদেহ নেওয়া হয় মোহাম্মদপুরের আল-মারকাজুলে। সেখানে গোসল সম্পন্নের পর মরদেহ শেষবারের জন্য নেওয়া হয় গুলশান-২ নম্বরের লেক রোডের বাড়িতে। সেখানে পরিবারের লোকজন অশ্রুজলে বিদায় জানান কবরীকে।

চট্টগ্রামের মেয়ে মিনা পাল, ঢাকাই চলচ্চিত্রে অভিনয় করে হয়ে উঠেছিলেন কিংবদন্তি নায়িকা কবরী। এই বরেণ্য অভিনেত্রীর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে দেশজুড়ে। তার মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, সমাজ কল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ, প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল জাহিদ ফারুক, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান, পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম প্রমুখ।

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক শেরিফা কাদের এবং সদস্য সচিব আলাউদ্দিন আহমেদও শোক জানিয়েছেন। গণমাধ্যমে পাঠানো শোকবার্তায় তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

গত ৫ এপ্রিল করোনাভাইরাস রিপোর্ট ‘পজিটিভ’ আসার পর রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় কবরীকে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে গত ৮ এপ্রিল শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। এরপর অবস্থার আরও অবনতি হলে গত বৃহস্পতিবার বিকেলে কবরীকে ভেন্টিলেশন সাপোর্টে (লাইফ সাপোর্ট) নেওয়া হয়। শুক্রবার মাঝরাতে সেখানেই মৃত্যু হয় তার। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত