নায়ক ওয়াসিম আলাদা গ্রহণযোগ্যতা তৈরি করেছিলেন: শাকিব খান

আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ০৬:০৫ পিএম

কিংবদন্তি অভিনেত্রী কবরী চলে যাওয়ার ২৪ ঘণ্টা পেরোতেই ঢাকাই চলচ্চিত্রের আরেক নক্ষত্রের পতন ঘটে।  শনিবার রাত সাড়ে ১২টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান সত্তর ও আশির দশকের জনপ্রিয় নায়ক ওয়াসিম। কিংবদন্তি এ নায়কের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এ সময়ের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান।

শাকিব খান বলেন, ‘আবারও চলচ্চিত্রাঙ্গনে শোকের মাতম। একের পর নক্ষত্রের পতনে শূন্য হয়ে যাচ্ছে এ মাধ্যমটি। কবরী আপা চলে যাওয়ার বিষাদের মধ্যে সোনালি দিনের জনপ্রিয় নায়ক ওয়াসিম আঙ্কেল মারা গেলেন।  ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন...’

ওয়াসিমের কাজের নানা দিক তুলে ধরে এই চিত্রনায়ক বলেন, ‘ফোক ফ্যান্টাসি ধারার চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ওয়াসিম আঙ্কেল ৭০-৮০ এর দশকে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন। ওইসব চলচ্চিত্রে অভিনয় করে নায়ক হিসেবে আলাদা গ্রহণযোগ্যতা তৈরি করেছিলেন তিনি। তাই আজও সোনালি অতীতের চলচ্চিত্র ও তৎকালীন স্টারদের প্রসঙ্গ এলে প্রথমসারির নায়কদের কাতারে আসে ওয়াসিম আঙ্কেলের নাম। তিনি ছিলেন সুঠাম, সুদর্শন ও পরিপূর্ণ এক নায়ক।’

ওয়াসিমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ‘বেশ কিছুদিন আগে জেনেছিলাম ওয়াসিম আঙ্কেল দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। অবশেষে  চলে গেলেন। তার চলে যাওয়ায় আরও এক অভিভাবক হারালো বাংলা চলচ্চিত্র। ওয়াসিম আঙ্কেলের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

ঢালিউডে ওয়াসিমের অভিষেক হয় ১৯৭২ সালে। সহকারী পরিচালক হিসেবে ‘ছন্দ হারিয়ে গেল’ চলচ্চিত্রে কাজ করেন। নায়ক হিসেবে তার যাত্রা শুরু হয় মহসিন পরিচালিত ‘রাতের পর দিন’ সিনেমার মাধ্যমে।

তার পুরো নাম মেজবাহউদ্দীন আহমেদ। দিন যতই যেতে থাকে ওয়াসিমের জনপ্রিয়তা ততই আকাশচুম্বী হয়। বাণিজ্যিক ঘরানার সিনেমার অপরিহার্য নায়ক হয়ে ওঠেন তিনি।

কবরী, শাবানা, ববিতা, অলিভিয়া, সুচরিতা, অঞ্জু ঘোষ, অঞ্জনা, নূতন—সে সময়ের এসব অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন তিনি।

তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘ছন্দ হারিয়ে গেলো’, ‘রাতের পর দিন’, ‘দোস্ত দুশমন’, ‘দি রেইন’, ‘রাজদুলারী’, ‘বাহাদুর, ‘মানসী’, ‘সওদাগর’, ‘নরম-গরম’, ‘বেদ্বীন’, ‘ঈমান’, ‘লাল মেম সাহেব’ প্রভৃতি। ‘বেদ্বীন’, ‘ঈমান’, ‘মানসী’-এ সিনেমাগুলোতে তার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত