মেসি ম্যাজিকে শিরোপা খরা কাটাল বার্সা

আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ১২:৫৩ এএম

গেল মৌসুমে কোনো শিরোপা জেতেনি বার্সেলোনা। দল ছাড়তে চেয়েছিলেন লিওনেল মেসি। শেষ পর্যন্ত থেকে যান এ মৌসুমটা। সেই মেসির দারুণ পারফরমেন্সেই শিরোপা খরা কাটাল কাতালানরা। শনিবার ২০২০-২১ কোপা দেল রের ফাইনালে বার্সেলোনা ৪-০ তে হারিয়েছে অ্যাথলেটিক বিলবাওকে। মেসি করেছেন জোড়া গোল। অথচ এ মৌসুম শেষে মেসি থাকবেন কিনা বার্সায় তা এখনো ধোঁয়াশাচ্ছন্ন। কোচ রোনাল্ড কোম্যানের অধীনে এটি বার্সার প্রথম শিরোপা। প্রতিযোগিতায় এই নিয়ে রেকর্ড ৩১তম শিরোপা জিতল বার্সেলোনা। এর আগে সবশেষ ২০১৮-১৯ মৌসুমে লা লিগা ট্রফি জিতেছিল বার্সা।

লা লিগায় টানা ১৯ ম্যাচ অপরাজিত থাকার পর গত শনিবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলে হারে বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগ থেকেও বাদ পড়ে প্রি-কোয়ার্টারে। কিন্তু সেভিয়াতে কোপা দেল রের ফাইনালে দেখা গেল ভিন্ন এক বার্সেলোনাকে। ম্যাচের পঞ্চম মিনিটে ডি ইয়ংয়ের শট গোলবারে লেগে ফিরে। ২১ মিনিটে মেসির জোরালো শট বিলবাও গোলকিপার উনাই সিমন ফিরিয়ে দেয়। ম্যাচের প্রথম ২৫ মিনিটে ৮৫ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের উদ্দেশে ছয়টি শট নেয় মেসিরা। কিন্তু প্রধমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বিলবাওকে চাপে রাখে বার্সা। ৬০ মিনিটে পায় ম্যাচের প্রথম গোল। ডান দিক থেকে ডি ইয়ংয়ের ক্রসে গোল করেন গ্রিজমান। ৬ মিনিটে জর্দি আলবার ক্রসে হেডে ব্যবধান দ্বিগুণ করেন ডি ইয়ং। পরের দুই গোল মেসির। ৬৮ মিনিটে মাঝমাঠ থেকে ছোটার পথে সতীর্থের সঙ্গে বল দেওয়া নেওয়া করে ডি-বক্সে ঢুকে ডিফেন্ডারকে কাটিয়ে কোনাকুনি শটে গোল করেন মেসি। চার মিনিট পর আলবার পাস ডি-বক্সে পেয়ে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন এলএমটেন। এই দু’গোলে চলতি মৌসুমে সবধরনের প্রতিযোগিতা মিলে ৩১ গোল হয়ে গেছে মেসির। ২০০৮-০৯ মৌসুম থেকে টানা ১৩ আসরে ৩০ বা এর বেশি গোলের রেকর্ড গড়লেন তিনি। এর আগে টানা ১২ মৌসুমে ৩০ বা তার বেশি গোল করেছিলেন জার্মানির জার্ড মুলার। বিলবাও গোলকিপার সিমন বেশ কিছু সেভ করেন, ৮৫ মিনিটে গ্রিজমানের একটি গোল অফসাইডে বাতিল হয়। নাহলে ব্যবধান আরও বড় হতে পারত।

 ২০১৭-১৮ মৌসুমের পর এই প্রথম কোপা দেল রে জিতল বার্সেলোনা। বার্সা কোচ কোম্যান বলেন, ‘আমার জন্য শিরোপা জেতাটা গুরুত্বপূর্ণ ছিল। বার্সেলোনায় (কোচ হিসেবে) সবসময় শিরোপার জন্যই লড়াই করতে হবে। প্রথম শিরোপা জেতা হয়ে গেছে। এখন লা লিগার শেষ ম্যাচ পর্যন্ত লড়াই করব।’ ২০০৯ সাল থেকে এ নিয়ে চারবার বার্সেলোনার কাছে কোপার ফাইনালে হারল অ্যাথলেটিক বিলবাও। এবং প্রতিবারই মেসি গোল করেছেন। বিলবাও’র লেফট ব্যাক মিকেল বেলেনজিয়াগা বলেন, আমাদের জন্য এটি কঠিন সময়। আমরা প্রথমার্ধে ভালো ছিলাম। তারপর আমরা ফোকাস হারিয়েছি। তারা অনেক ভালো খেলেছে। আমরা  কোনো সুযোগই পাইনি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত