ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। রাজধানীর শাহবাগ থানায় গতকাল রবিবার রাতে মামলাটি করেন কেন্দ্রীয় যুবলীগ নেতা ব্যারিস্টার আশরাফুল ইসলাম সজীব।
শাহবাগ থানার ওসি মোহাম্মদ মামুন অর রশিদ জানান, নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৮, ২৯, ৩১, ৩৫ ধারায় মামলাটি হয়েছে।
যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফুল ইসলাম এজাহারে বলেছেন, নুর তার ফেইসবুক পেইজ থেকে গত ১৪ এপ্রিল ধর্মীয় উসকানিমূলক বক্তব্যসহ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের ধর্মীয় মূল্যবোধে আঘাত করে এমন আপত্তিকর আক্রমণাত্মক বক্তব্য দেন। তার এই আক্রমণাত্মক, মিথ্যা, উসকানিমূলক বক্তব্য পোস্ট, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে সারা দেশের আ.লীগের অসংখ্য ধর্মপ্রাণ কর্মী-সমর্থকের ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতিতে আঘাত করেছে।
এভাবে বিভ্রান্তি ছড়িয়ে দেশের সামগ্রিক অবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করায় বিবাদী ও সহযোগী সমর্থকদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।
