ঢাকা উত্তর সিটি করপোরশন (ডিএনসিসির) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় প্রতিশ্রুতির মাত্র আট মাসের মাথায় শুরু হলো দেশের সবচেয়ে বড় এক হাজার শয্যাবিশিষ্ট ‘ডিএনসিসি ডেডিকেটেড কভিড-১৯ হাসপাতাল’-এ করোনাভাইরাস তথা কভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা কার্যক্রম। নগরবাসীর স্বাস্থ্যসেবার জন্যই মহাখালীর এই ভবনটিকে হাসপাতালে রূপান্তর করা হয়েছে। গতকাল রবিবার রাজধানীর মহাখালীতে দেশের সবচেয়ে বড় ‘ডিএনসিসি ডেডিকেটেড কভিড-১৯ হাসপাতাল’-এ করোনাভাইরাস তথা কভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম এসব কথা বলেন।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক, ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলামকে সঙ্গে নিয়ে ‘ডিএনসিসি ডেডিকেটেড কভিড-১৯ হাসপাতাল’-এ চিকিৎসাসেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
ডিএনসিসির মেয়র বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার সার্বিক দিকনির্দেশনার ফলেই এত অল্প সময়ের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় এই ‘ডিএনসিসি ডেডিকেটেড কভিড-১৯ হাসপাতাল’-এ করোনাভাইরাস তথা কভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা কার্যক্রম চালু করা সম্ভব হয়েছে।’
তিনি নিজেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহণ করে সুস্থ হয়েছেন উল্লেখ করে সরকারি হাসপাতালের সেবা কার্যক্রমের প্রশংসা করেন এবং সর্বস্তরের জনপ্রতিনিধিদের দেশের অভ্যন্তরে সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহণের জন্য উৎসাহিত করেন।
ডিএনসিসির মেয়র করোনাভাইরাস তথা কভিড-১৯ এর বিস্তার রোধকল্পে সবাইকে সরকারের নির্দেশনাসহ স্বাস্থ্য বিধিসমূহ যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেন।
গত বছরের ৯ আগস্ট করোনা আইসোলেশন সেন্টার পরিদর্শনে গিয়ে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম মহাখালীর এই মার্কেটটিকে হাসপাতালে রূপান্তরের ঘোষণা দিয়েছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া উপস্থিত ছিলেন।
