ক’দিন আগেই আইসিসির দুর্নীতি বিরোধী বিধি ভাঙার দায়ে জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক হিথ স্ট্রিক ৮ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। এবার একই পরিণতি হলো শ্রীলঙ্কার সাবেক অলরাউন্ডার দিলহারা লোকুহেতিগের।
সোমবার এই লঙ্কান ক্রিকেটারকে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে ৮ বছরের নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি।
লোকুহেতিগে শ্রীলঙ্কার হয়ে ৮টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলেছেন। ২০১৬ সালে তিনি অবসরে যান।
৪০ বছর বয়সী এই ক্রিকেটারের বিরুদ্ধে ২০১৯ সালে আইসিসির দুর্নীতি বিরোধী আইনের তিনটি ধারা ভাঙার অভিযোগ আনা হয়। দুর্নীতি দমন ট্রাইব্যুনালের শুনানির পর জানুয়ারিতে লোকুহেতিগেকে দোষী সাব্যস্ত করে আইসিসি। এর প্রায় তিন মাস পর এল তার শাস্তির ঘোষণা।
তার বিরুদ্ধে ম্যাচ পাতানোর চেষ্টা ও উৎসাহ প্রদান, দুর্নীতির প্রস্তাব পেয়েও আইসিসিকে না জানানোর মতো অভিযোগের প্রমাণ মিলেছে।
দুর্নীতির অভিযোগ ওঠার পর ২০১৯ সালের ৩ এপ্রিল সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল লোকুহেতিগেকে। ওই সময় থেকেই বিবেচনা করা হবে নিষেধাজ্ঞার মেয়াদ।
