ফেইসবুক লাইভে এসে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ঢাকা ও সিলেটে আরো দুটি মামলা হয়েছে। এর মধ্যে গতকাল সোমবার বিকেলে সিলেট কোতোয়ালি থানায় ডিজিটাল নিরাপত্তা ও তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা করেন স্থানীয় ছাত্রলীগ নেতা কিশোর জাহান সৌরভ। আর গত রবিবার রাতে রাজধানীর পল্টন থানায় একই আইনে অপর মামলাটি করেন ইলিয়াস হোসেন নামে আওয়ামী লীগ সমর্থক এক সংগীতশিল্পী। এর আগে শাহবাগ থানায় আরেকটি মামলা করেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার মো: আশরাফুল ইসলাম সজীব।
এদিকে রবিবার মধ্যরাতে ফেইসবুক লাইভে এসে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধর্মীয় মূল্যবোধে আঘাত করে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে এসব মামলা হওয়ার পর নিজের বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন নুর। নুর নিজের একটি ফেইসবুক পেজ থেকে লাইভে এসে বলেন, ‘সেদিনের লাইভের বক্তব্যের জন্য কেউ কষ্ট পেয়ে থাকলে আমি দুঃখ প্রকাশ করছি। স্বাভাবিকভাবে আমার যদি ভুল হয়, আমার জায়গা থেকে একশ বার ক্ষমাপ্রার্থী থাকব। আমার ভুল হতেই পারে, আমি মানুষ, ফেরেশতা না। আমার ভুল হলে তার জন্য আমি ক্ষমাপ্রার্থী, আমি ক্ষমা চাই।’
তবে ওই বক্তব্যকে ‘পুঁজি’ করে ‘হয়রানি’ করার জন্য মামলা করা পুরোপুরি একটা রাজনৈতিক ষড়যন্ত্র উল্লেখ করে নুর বলেন, ‘এই ষড়যন্ত্র শুধু আমার বিরুদ্ধে নয়, এ দেশের গণতন্ত্রের জন্য যারা লড়াই-সংগ্রাম করছে, তাদের বিরুদ্ধেও হচ্ছে।’
রাজনীতিতে নবীন হিসেবে ভুলত্রুটি স্বীকার করে আলোচিত সেই ফেইসবুক লাইভ পোস্টটি ডিলিট করে দিয়েছেন বলেও লাইভে জানান নুর।
এদিকে নতুন হওয়া মামলা দুটির মধ্যে পল্টন থানায় করা মামলার এজাহারে বলা হয়, নিজের ফেইসবুক পেইজে এসে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী এবং সমর্থকদের ধর্মীয় মূল্যবোধে আঘাত হেনে আপত্তিকর ও আক্রমণাত্মক বক্তব্য দেন নুর। এসব বক্তব্যের ভিডিও অজ্ঞাতনামা অসংখ্য ফেসবুক আইডি ও পেজ থেকে শেয়ারও করা হয়েছে। এতে অসংখ্য সাধারণ ফেসবুক ব্যবহারকারী লাইক ও কমেন্টের মাধ্যমে তাদের মতামত প্রকাশ করেছেন। যার মধ্যে সরকার ও রাষ্ট্রবিরোধী অনেকগুলো কমেন্টও রয়েছে। এমন বক্তব্য আওয়ামী সমর্থন করা মুসলমানদের ধর্মীয় মূল্যবোধে আঘাত হেনেছে। তাই মামলাটি রজু করার আবেদন করা হয়েছে। ডিএমপি’র মতিঝিল জোনের সহকারী কমিশনার (এসি) মো. জাহিদুল ইসলাম সোহাগ জানান, যে কোনো সাধারণ মানুষ থানায় এসে অভিযোগ করতে পারেন। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। মামলার অভিযোগের বিষয়ে আরও খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে সিলেটে করা মামলার বাদী সৌরভ জানান, ভিপি নুর ফেসবুক লাইভে ‘আওয়ামী লীগের কেউ প্রকৃত মুসলমান নয় এবং প্রকৃত মুসলমানেরা আওয়ামী লীগ করতে পারে না’- এমন মন্তব্য করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। এ ধরণের উসকানিমূলক ও বিভ্রান্তিকর বক্তব্য সমাজে বিদ্বেষ ছড়াবে। তাই তিনি বিচার চেয়ে মামলা করেছেন। সিলেট কোতোয়ালি থানার ওসি এসএম আবু ফরহাদ মামলা জানান, নুরের বিরুদ্ধে নেওয়া এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা তদন্ত শুরু করবেন।
