আগাম কর প্রত্যাহার পাম অয়েল আমদানিতে

আপডেট : ২০ এপ্রিল ২০২১, ০৩:০৩ এএম

ভোজ্য তেলের দামের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে পরিশোধিত পাম অয়েল আমদানিতে প্রযোজ্য ৫ শতাংশ আগাম করের পুরোটাই প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

গতকাল সোমবার এনবিআর চেয়ারম্যান আবু মো. হেনা রহমাতুল মুনিম স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানা গেছে। এই সুবিধা কেবল ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানগুলো পাবে। এর আগে ১১ এপ্রিল অপরিশোধিত সয়াবিন ও পাম অয়েল আমদানিতে আগাম কর প্রত্যাহার করা হয়। রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে এমন সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ভোজ্য তেলের মধ্যে সয়াবিন, পাম ও পাম অলিন তেল আমদানি পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট ও ৫ শতাংশ আগাম কর (এটি), উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট এবং বিক্রয় ও সরবরাহ পর্যায়ে সর্বোচ্চ খুচরামূল্যের ওপর ৫ শতাংশ হারে ভ্যাট রয়েছে। এর মধ্যে ধাপে ধাপে আমদানি পর্যায়ে আগাম কর প্রত্যাহার করা হয়েছে।

গত ১৭ ফেব্রুয়ারি সচিবালয়ে অত্যাবশ্যকীয় পণ্য বিপণন ও পরিবেশকবিষয়ক জাতীয় কমিটির সভা শেষে এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি অভিন্ন মূল্য নির্ধারণ পদ্ধতি অনুযায়ী প্রতি লিটার ভোজ্য তেলের দামে সর্বোচ্চ সীমা নির্ধারণের ঘোষণা দেন।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন ও পাম অয়েলের বাজার অস্থিতিশীল থাকায় দেশের পরিশোধনকারী মিল ও ভোক্তাস্বার্থ বিবেচনায় ভোজ্য তেলের মূল্য সীমা নির্ধারণ করে দেওয়া হয়। প্রতি লিটার সয়াবিন (খোলা) মিল গেটে ১০৭, পরিবেশক মূল্য ১১০ ও খুচরা মূল্য ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত