করোনা উপসর্গ নিয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন চিত্রনায়িকা কবরীর ছেলে শাকের চিশতী। গতকাল সোমবার দেশ রূপান্তরকে শাকের চিশতী বলেন, ‘হঠাৎ করেই জ্বর এবং খাবারের স্বাদ পাচ্ছিলাম না। তাই চিকিৎসকের সঙ্গে কথা বলে হাসপাতালে ভর্তি হয়েছি। করোনা পরীক্ষা এখনো করানো হয়নি। তবে ফুসফুসের সিটিস্ক্যান করানো হয়েছে।’
গত শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন চিত্রনায়িকা কবরী। এর আগে ৫ এপ্রিল কবরীর করোনা রেজাল্ট পজিটিভ জানা যায়। এরপর থেকে মায়ের দেখাশোনা করার জন্য শাকের সার্বক্ষণিক সঙ্গেই ছিলেন। হাসপাতালে মাকে নিয়ে ছুটে বেড়িয়েছেন। কবরীর পাঁচ ছেলের মধ্যে বড় তিন ছেলে দেশের বাইরে এবং ছোট ছেলে অটিজমের সমস্যা থাকায় মায়ের যাবতীয় দেখভালের দায়িত্ব পালন করেন শাকের চিশতী। মায়ের মৃত্যুর দু’দিন পর করোনার উপসর্গ দেখা দেওয়ায় চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে ঢাকার বারিধারার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
