হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের রিসোর্টকাণ্ডের পর সোনারগাঁ থানার ওসির দায়িত্ব থেকে প্রত্যাহার করা পুলিশ পরিদর্শক রফিকুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। গতকাল সোমবার বিকেলে তার অবসরসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে কথিত দ্বিতীয় স্ত্রীসহ মামুনুল হক অবরুদ্ধ হওয়ার সময় ওই থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন রফিকুল ইসলাম। রিসোর্টকাণ্ডের পরদিন ৪ এপ্রিল তাকে বদলি করে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) হিসেবে নারায়ণগঞ্জের পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রফিকুল ইসলামের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাকে অবসর প্রদান করা হলো। বিধি মোতাবেক পুলিশ কর্মকর্তা রফিকুল ইসলাম অবসরজনিত সব সুবিধা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এর আগে গত ৩ এপ্রিল বিকেলে সোনারগাঁয়ে রয়েল রিসোর্টের একটি কক্ষে নারীসহ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে অবরুদ্ধ করে স্থানীয় লোকজন। খবর পেয়ে স্থানীয় হেফাজত নেতাকর্মী ও মাদ্রাসার ছাত্ররা ওই রিসোর্টে হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। পরে হেফাজত নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেয়। এ সময় তারা শতাধিক যানবাহনের পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ও ভাঙচুর করে। এসব ঘটনায় পুলিশের বিরুদ্ধে নির্লিপ্ত থাকার অভিযোগ ওঠে।
