আলেম-ওলামাদের গ্রেপ্তারে উদ্বেগ ফখরুলের

আপডেট : ২০ এপ্রিল ২০২১, ০৬:২২ এএম

দেশের ধর্মীয় নেতা ও আলেম-ওলামাদের নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করে তাদের মুক্তি দাবি করেছেন বিএনপি  মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সোমবার দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল সভার সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এই দাবি করেন। বিএনপি মহাসচিব বলেন, গত কয়েক দিন ধরে লকডাউনের সুযোগ নিয়ে একটা ক্র্যাকডাউন করা হয়েছে। সেই ক্র্যাকডাউনের মধ্য দিয়ে আজকে একদিকে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে, অন্যদিকে ধর্মীয় নেতা যারা আছেন, আলেম-ওলামা যারা আছেন তাদের নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে। তাদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলাও দেওয়া হচ্ছে।’

ধর্মীয় নেতাদের এই ধরনের ‘অপমান’ ও ‘হয়রানি’ করা দেশের ধর্মপ্রাণ মানুষ কোনোভাবেই মেনে নেবে না বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বিএনপির যেসব নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরও নিঃশর্ত মুক্তি এবং সব মামলা তুলে নেওয়ার দাবি জানান।

মির্জা ফখরুল বলেন, বায়তুল মোকাররমে যে বিক্ষোভ কর্মসূচি হয়েছিল তা শান্তিপূর্ণ ছিল। এটাকে অশান্তিপূর্ণ করে দেওয়ার পেছনে পুলিশের সবচেয়ে বড় ভূমিকা, তারপর আওয়ামী লীগের দলীয় সন্ত্রাসীরা ওই কর্মসূচিতে হামলা চালায়। সেই কারণেই হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়াতে ঘটনাগুলো সংঘটিত হয়েছে।

বিএনপির মহাসচিব বলেন, ২৬ মার্চকে কেন্দ্র করে যে ঘটনাগুলো সংঘটিত হয়েছে এগুলো সরকারের তৈরি করা, আমি এর আগেও বলেছি। সরকার খুবই পরিকল্পিতভাবে এই ঘটনাগুলো যাতে ঘটে তার জন্য ব্যবস্থা নিয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত