বাবার ছবি এঁকে বিচার চাইল ব্যাংকার কন্যা

আপডেট : ২০ এপ্রিল ২০২১, ০৬:২৬ এএম

চাপ ও ‘নির্যাতনের’ শিকার  হয়ে তরুণ ব্যাংকার ও ব্যবসায়ী আব্দুল মোর্শেদ চৌধুরীর আত্মহত্যার ঘটনায় এবার প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইল তার কন্যা ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী জুম। বাবার ছবি এঁকে একটা প্ল্যাকার্ড তুলে ধরে বাবাহারা শিশুটি। তাতে লেখা,  ‘Justice for my Daddy’। বাবাহারা জুম প্রধানমন্ত্রীর কাছে তার বাবার আত্মহত্যার প্ররোচনা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

মা যখন কভিড আক্রান্ত হয়ে আইসোলেশনে, টানা ২০ দিন বাবার কাছে ছিল জুম। ৭ এপ্রিল বাবার মৃত্যুর পর সে এখন নির্বাক। জুম বলে, ‘বাবা কখনো আমাকে বকা দেননি। পরীক্ষায় সামান্য মার্কস কম পেলে মা বকুনি দিলেও বাবা উল্টো আনতেন গিফট।’

জুম প্রায় ৪০ মিনিট ধরে বাবার একটি ছবি এঁকেছে। আঁকতে আঁকতে মায়ের জিজ্ঞাসায় বলেছে, ‘পাপা বলেছিল, “তুমি এত ছবি আঁকো, আমার ছবি তো কোনো দিন আঁকোনি।”’ জুমের মা ইশরাত জাহান চৌধুরী জানান, বাবাকে হারিয়ে মেয়েটা সারাক্ষণ বিমর্ষ থাকে। ছোট হলেও সে হয়তো বোঝে উপর্যুপরি বাড়তি পাওনা চেয়ে মানসিক নির্যাতন, মামলা, হত্যা ও গুমের হুমকিসহ চাপ প্রয়োগ করে তার বাবাকে মৃত্যুবরণ করতে হয়েছে।

পরিবারের সংবাদ সম্মেলন : চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তা আব্দুল মোর্শেদ চৌধুরীর আত্মহননের ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্ররোচনা দেওয়ার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে তার পরিবার। গত রবিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ব্যাংক কর্মকর্তার স্ত্রী ইশরাত জাহান অভিযোগ করেন, ব্যবসা করার জন্য ফুফাতো ভাই জাবেদ ইকবাল, পারভেজ ইকবাল ও সাকিবের কাছ থেকে ২৫ কোটি টাকা নিয়ে সুদ-আসল, লভ্যাংশসহ ৩৮ কোটি টাকা পরিশোধ করেন মোর্শেদ।

আরও ১২ কোটি টাকা দেওয়ার জন্য এমপিপুত্র, ছাত্রলীগ নেতা ও পুলিশ কর্মকর্তার মাধ্যমে চাপ ও হুমকি দিচ্ছিল। এমনকি বাসায় হামলা করে পাসপোর্ট ছিনিয়ে নেয়। তাদের ক্রমাগত মানসিক নির্যাতন ও হুমকিই ব্যাংক কর্মকর্তা মোর্শেদের আত্মহননের কারণ বলে দাবি করেন তার স্ত্রী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত