মির্জাপুরে প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ

আপডেট : ২০ এপ্রিল ২০২১, ০৩:০৩ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে দক্ষিণ আফ্রিকা প্রবাসী ওয়াজেদ আলীর স্ত্রীর হাতে ওড়না পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাতে মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের পেকুয়া গ্রামে স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতের নাম সাদিয়া আক্তার (২১)। তিনি উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামের সেলিম মিয়ার মেয়ে।

এদিকে পুলিশ এই ঘটনাকে আত্মহত্যা বললেও গৃহবধূর পরিবারের লোকজন অভিযোগ করছেন সাদিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করে হাতে ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে।

গৃহবধূর পারিবারিক সূত্র জানান, উপজেলার বাঁশতৈল ইউনিয়নের পেকুয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে দক্ষিণ আফ্রিকা প্রবাসী মো. ওয়াজেদ আলীর সঙ্গে একই উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামের সেলিম মিয়ার মেয়ে সাদিয়া আক্তার সেতুর দুই বছর আগে বিয়ে হয়।

বিয়ের পর থেকে সাদিয়ার সঙ্গে স্বামীর বাড়ির লোকজনের সম্পর্ক ভালো যাচ্ছিল না। গত দুই দিন আগে সাদিয়া বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যান।

সোমবার সন্ধ্যার পর সাদিয়াকে পরিকল্পিতভাবে হত্যার পর মরদেহ ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে বলে সাদিয়ার বাবা সেলিম মিয়া ও তার আত্মীয়রা অভিযোগ করেছেন।

খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ রাতে ঘটনাস্থলে গিয়ে ওড়না দিয়ে দুই হাত পেছনে বাঁধা অবস্থায় ফাঁসিতে ঝুঁলানো সাদিয়ার মরদেহ উদ্ধার করে।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. রিজাউল হক দিপু বলেন, সোমবার রাতে সাদিয়ার মরদেহ উদ্ধার করে মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর নিশ্চিত হওয়া যাবে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত