সরকার কোনো আলেম বা ধর্মীয় নেতাকে নয়, দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীতে সরকারি বাসভবন থেকে বাংলাদেশ সংবাদ সংস্থা ও এটুআই আয়োজিত ‘ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে স্থানীয় সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক অনলাইন কর্মশালা উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ‘যে সমস্ত দুষ্কৃতকারী ২৬ থেকে ২৮ মার্চ সমগ্র দেশে তান্ডব চালিয়েছে, নিরীহ মানুষের ঘরবাড়ি, সহায়-সম্পত্তি, যানবাহন জ্বালিয়ে দিয়েছে, ভূমি অফিসে আগুন দিয়ে সাধারণ মানুষের জমির দলিলপত্র পুড়িয়েছে, ফায়ার স্টেশন-রেল স্টেশনে হামলা করে ক্ষতি করেছে এবং যারা মানুষের ওপর আক্রমণ চালিয়েছে, তাদের এবং তাদের নির্দেশদাতাদের সরকার গ্রেপ্তার করছে। কোনো ভালো আলেম এসব অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন না, আলেমের মুখোশধারীরাই এসবে যুক্ত এবং সরকার তাদেরই গ্রেপ্তার করছে।’
বিএনপি প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘বরাবরই বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে, অপশক্তি নিয়ে রাজনীতি করে। যারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাস করে না, দেশকে আফগানিস্তান বানাতে চায়, তাদের নিয়ে বিএনপি রাজনীতি করে।’ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গত সোমবার হেফাজতে ইসলামের নেতাদের সাক্ষাৎ প্রসঙ্গে প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘সরকারের সঙ্গে কেউ দেখা করতে চাইলে, দেখা করতেই পারে, স্বরাষ্ট্রমন্ত্রী দেখা করেছেন। কিন্তু তাতে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ব্যত্যয় হবে না।’
এর আগে মন্ত্রী বাসসের কর্মশালায় দেওয়া বক্তব্যে সংস্থাটির সব জেলা প্রতিনিধিদের ল্যাপটপ সরবরাহের ওপর গুরুত্ব দেন। বাসসের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, এটুআই প্রকল্প পরিচালক ড. আব্দুল মান্নান প্রমুখ।
