এখন নাটকের শ্যুটিং সেভাবে না হওয়ায় নিজেকে প্রস্তুত করার জন্য সময় পেয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। ঈদে তার এক ডজনের মতো নাটক দেখা যাবে। এসব নিয়ে তার সঙ্গে কথা বলেছেন রণ
সময়ের সদ্ব্যবহার...
যেকোনো পরিস্থিতির মধ্য থেকে ইতিবাচক কিছু না কিছু খুঁজে নেওয়া খুব জরুরি। যদিও সব ক্ষেত্রে আমরা সেটা পারি না। এখন বিধিনিষেধের মধ্যে নাটকের শ্যুটিং পুরোদমে হচ্ছে না। এতে প্রত্যেকেরই ক্ষতি হচ্ছে। আমার অনেক কাজ স্থগিতও হয়েছে। তাছাড়া প্রতিদিন পরিচিতজনের সংক্রমণ এমনকি মৃত্যুর খবর শুনছি। তাই বলে শুধু হা হুতাশ না করে ভবিষ্যতের কথা ভাবছি। হাতে বেশ সময় পাওয়ায় তা কাজে লাগাচ্ছি নিজেকে প্রস্তুত করার পেছনে। ঈদের জন্য ভালো কয়েকটি কাজ করার কথা রয়েছে। চরিত্রগুলো কিভাবে কথা বলবে, কীভাবে অভিনয়টা আগের চেয়ে ভিন্ন করা যায়, পোশাক মেকআপ কি হবে- এসব নিয়ে ভাবছি।
নতুন কাজ...
সম্প্রতি কয়েকটি কাজ করেছি। সর্বশেষ করেছি সাফায়েত মনসুর রানার একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। নাম ‘এক ভাই চম্পা’। এই নির্মাতা সব সময় সামাজিক সমস্যা বা কোনো ধ্যান-ধারণা নিয়ে তার নিজস্ব মতামত কথা তুলে ধরেন। তার সঙ্গে বেশকিছু ভালো কাজ করেছি। এই কাজটিও তেমন। এখানে কোনো প্রেম ভালোবাসার কথা নেই। ভাইবোনের সম্পর্ক নিয়ে নির্মিত হয়েছে। এর কদিন আগে প্রীতি দত্তের একটি খন্ড নাটক করেছি রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে। নাম ‘কাপল অব দ্য সিটি’। ঈদে আরটিভিতে প্রচার হবে। নাটকটিতে কমেডির মাধ্যমে বেশ গুরুত্বপূর্ণ ম্যাসেজ দেওয়া হয়েছে। এখন আমাদের সমাজে শো অফ করার বিষয়টি খুব বেশি। আমরা যা না, তাই প্রকাশ করি। এর ফলে ব্যক্তিজীবনে নানা ধরনের ঝামেলা পোহাতে হয়। সেই বিষয়গুলোই তুলে ধরা হয়েছে।
বাংলাভিশনে আজ...
আজ রাত সাড়ে ৯টায় বাংলাভিশনে প্রচার হবে তাসনুভা তিশার সঙ্গে আমার নাটক ‘ছোট্ট একটা শব্দ’। পারিবারিক গল্পের নাটক এটি। প্রেমের পর বিয়ে করেছি আমরা। শব্দ নামে আমাদের একটা ছোট্ট ছেলে আছে। হুট করে আমার চাকরি চলে যায়। এমন পরিস্থিতিতে অনেক পুরুষ ভাবে, কিছু একটা হবে। কিন্তু নিজের তাগিদ ছাড়া আসলে কোনো কিছুই হয় না। অবস্থা আরও খারাপের দিকে যেতে থাকে। আমার ব্যক্তিজীবনের সঙ্গে এই গল্পটির কিছুটা মিল আছে। আমিও খুব অল্প বয়সে প্রেম করে বিয়ে করেছিলাম। তখন আমাদের সংসারে আর্থিক টানাটানি ছিল। যদিও আমার চাকরি যায়নি, কিন্তু আমি যদি সেভাবে পড়ে থাকতাম তাহলে আজকের অবস্থানে আসা হতো না। আমি খুঁজে পেয়েছিলাম নিজের সামর্থ্যরে জায়গা। যার ফলেই চ্যানেল আইয়ের ট্যালেন্ট হান্ট প্রতিযোগীতায় অংশ নিই। আজকে আমার পরিশ্রম, পরিবারের সাপোর্ট আর সবার দোয়ায় এই পর্যায়ে পৌঁছেছি। তবে এই নাটকের পরিণতি কেমন হবে তা জানতে চোখ রাখুন বাংলাভিশনের পর্দায়।
