খুলনা সিটি মেয়রের ডিজিটাল নিরাপত্তা আইনের করা মামলায় গ্রেপ্তারকৃত সাংবাদিক আবু তৈয়বকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় তাকে ভারপ্রাপ্ত খুলনা মুখ্য মহানগর হাকিম (সিএমএম) সুমী আহমেদের ভার্চুয়াল আদালতে হাজির করা হলে বিচারক এ আদেশ দেন। সাংবাদিক তৈয়ব বেসরকারি টেলিভিশন এনটিভির খুলনা প্রতিনিধি।
খুলনা সদর থানার ওসি আশরাফুল আলম তৈয়বকে কারাগারে প্রেরণের কথা স্বীকার করে বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার আবু তৈয়বকে বুধবার সকাল ১০টার দিকে খুলনা মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) ভার্চুয়াল আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। তিনি বলেন, তদন্তের স্বার্থে পরবর্তীকালে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে খুলনা সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেক সাংবাদিক আবু তৈয়বের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে খুলনা থানায় মামলা করেন।
