বেঞ্চ বাড়ল হাইকোর্টে

ছয়টি ভার্চুয়াল বেঞ্চে হবে বিচারকাজ

আপডেট : ২২ এপ্রিল ২০২১, ০৪:৪০ এএম

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে হাইকোর্টের চারটি ভার্চুয়াল বেঞ্চের পাশাপাশি আরও দুটি ভার্চুয়াল বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। গতকাল বুধবার এ তথ্য জানান সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান। তিনি জানান, বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান এবং বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে দুটি পৃথক ভার্চুয়াল বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। এ নিয়ে মোট ছয়টি ভার্চুয়াল বেঞ্চ গঠন করা হলো। এছাড়া আগে থেকে বিচারকাজ চালিয়ে আসা বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের দ্বৈত বেঞ্চটির বিচারিক এখতিয়ার পুনর্বণ্টন করেছেন প্রধান বিচারপতি।

করোনাভাইরাস মহামারীর পরিপ্রেক্ষিতে মানুষের চলাচল ও কার্যক্রমের ওপর সরকারঘোষিত বিধিনিষেধের আরোপের পর গত ৫ এপ্রিল প্রধান বিচারপতি হাইকোর্ট বিভাগে চারটি ভার্চুয়াল বেঞ্চ গঠন করে দিয়েছিলেন। এগুলো হলোÑ বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের (এখন বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর) দ্বৈত বেঞ্চ, বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের দ্বৈত বেঞ্চ, বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের দ্বৈত বেঞ্চ এবং বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চ।

এদিকে হাইকোর্টে ভার্চুয়াল বেঞ্চ বাড়াতে গতকাল প্রধান বিচারপতির কাছে আবেদন করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সমিতির পক্ষে সম্পাদক রুহুল কুদ্দুস কাজল এ আবেদনটি করেন। এতে বলা হয়, আদালতের স্বল্পতার কারণে আইনজীবীরা তাদের পেশা পরিচালনা করতে পারছেন না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত