মিয়ানমারে বাস্তুচ্যুত আড়াই লাখ

আপডেট : ২২ এপ্রিল ২০২১, ০৫:৪৩ এএম

মিয়ানমারে অভ্যুত্থানবিরোধীদের বিরুদ্ধে সামরিক জান্তার দমন অভিযানের কারণে ২ লাখ ৫০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তারা অভ্যন্তরীণ বাস্তুচ্যুত হয়েছে উল্লেখ করে বুধবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষ দূত জানিয়েছেন, বাস্তুচ্যুতরা সবাই গ্রামের আশপাশের জঙ্গলে লুকিয়ে আছে।

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের বেসামরিক সরকারকে সরিয়ে দেশের ক্ষমতা দখল করে নেয় সামরিক বাহিনী। এর কয়েক দিন পর থেকেই সামরিক সরকারের বিরুদ্ধে রাজপথে নামেন দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা বেসামরিক  সরকারের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার দাবি জানান। কিন্তু সাধারণ মানুষকে বিক্ষোভ থেকে প্রতিহত করতে অভিযান শুরু করে সামরিক জান্তা সরকার।

একটি পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, সাধারণ মানুষের বিক্ষোভে পুলিশের অভিযানে এখন পর্যন্ত কমপক্ষে ৭৩৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আটক হয়েছেন আরও ৩ হাজার ৩০০ জন।

মিয়ানমারের মানবাধিকার পর্যবেক্ষণকারী বিশেষ দূত টম অ্যান্ড্রিউস বুধবার এক টুইট বার্তায় বলেন, জান্তা সরকারের আক্রমণে মিয়ানমারের আড়াই লাখ মানুষ ঘরছাড়া হয়েছেন। এটা জানতে পেরে সত্যিই অবাক হয়েছি।

তিনি বলেন, এই মানবিক বিপর্যয় মোকাবিলায় বিশ্বকে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে। ফ্রি বার্মা রেঞ্জার্স নামের একটি মানবিক সহায়তা সংস্থা জানিয়েছে, গত সপ্তাহে সেনাবাহিনীর অভিযান এবং বিমান হামলার কারণে কমপক্ষে ২৪ হাজার মানুষ উত্তরাঞ্চলীয় কারেন রাজ্য থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।

কারেন ন্যাশনাল ইউনিয়ন ব্রিগেড ৫-এর মুখপাত্র পাদোহ মান বুধবার এক বিবৃতিতে বলেন, দুই হাজারের বেশি মানুষ মিয়ানমারে সীমান্ত পাড়ি দিয়ে থাইল্যান্ডে পালাচ্ছেন। এই লোকজন আর হয়তো দেশে ফিরবেন না। তিনি বলেন, তারা সবাই তাদের গ্রামের কাছাকাছি জঙ্গলে লুকিয়ে আছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত